আবারও হার নাদালের

ইতালিয়ান ওপেনে কাব্যিক এক সেমিফাইনালের অপেক্ষায় ছিল টেনিস। নিজ নিজ কোয়ার্টার ফাইনালে জিতলেই সেমিতে মুখোমুখি হতেন সাবেক দুই নাম্বার ওয়ান—রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। কিন্তু প্রতীক্ষিত লড়াইটি আর হলো না। শেষ আটে ফেদেরার জিতলেও পরশু হেরে গেছেন সাতবারের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন নাদাল।
হারটা ইদানীং গা-সওয়া হয়ে গেছে নাদালের। পরশু সুইজারল্যান্ডের স্তানিসলাস ভাভরিঙ্কার কাছে ৭-৬ (৯/৭), ৬-২ গেমে পরাজয় নিয়ে টানা চারটি ক্লে কোর্টের টুর্নামেন্টে হারলেন স্প্যানিশ তারকা। এর আগে হেরেছেন মন্টে কার্লো মাস্টার্স, বার্সেলোনা ওপেন ও মাদ্রিদ ওপেনে। তবে নিজের পারফরম্যান্সে ১৪টি গ্র্যান্ড স্লামের মালিক অখুশি নন, ‘যেভাবে আমি খেলেছি তাতে আমি খুব বেশি অখুশি নই।’ ক্লে কোর্টে ভাভরিঙ্কার বিপক্ষে এটিই প্রথম হার নাদালের।
সেমিফাইনালে ভাভরিঙ্কা মুখোমুখি তাঁরই স্বদেশি রজার ফেদেরারের। কোয়ার্টার ফাইনালে ফেদেরার চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে হারিয়েছেন ৬-৩, ৬-৩ গেমে। পুরুষ বিভাগে এদিন জাপানের কেই নিশিকোরিকে ৬-৩, ৩-৬, ৬-১ গেমে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন টেনিসের এক নম্বর ও শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ।
মহিলা বিভাগে মারিয়া শারাপোভা, সিমোনা হালেপ সেমিফাইনালে উঠলেও হেরে গেছেন পেত্রা কোভিতোভা। এএফপি।