আমিরের 'পিকে' দেখবেন ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেদেরারের সঙ্গে টেনিস খেলছেন দীপিকা, দর্শক আসনে বসে দেখছেন আমির। পিটিআই
ফেদেরারের সঙ্গে টেনিস খেলছেন দীপিকা, দর্শক আসনে বসে দেখছেন আমির। পিটিআই

গায়ে সুতোটি পর্যন্ত নেই। একটা সেকেলে রেডিও দিয়ে লজ্জা নিবারণ করছেন আমির খান! পিকে ছবির এই পোস্টার দেখে চমকায়নি এমন মানুষ বোধ হয় নেই। এবার সেটি চমকে দিয়েছে রজার ফেদেরারকেও। বিস্মিত টেনিস কিংবদন্তি বলছেন, সময় সুযোগ করে তিনি অবশ্যই ছবিটি দেখবেন।
ভারতে চলছে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগ (আইপিটিএল)। সেই লিগ খেলতে এসেছেন ফেদেরার। সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ীর সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করেননি বলিউডের বাসিন্দারা। অমিতাভ বচ্চন এসেছিলেন। এসেছিলেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, দীপিকা পাড়ুকোনরা। আর লারা দত্ত তো আইপিটিএলের প্রতিষ্ঠাতা, ভারতীয় টেনিস তারকা মহেশ ভূপতির স্ত্রীই। মেয়েকে নিয়ে এসেছিলেন তিনিও। আমির এসেছেন স্ত্রী আর ছেলেকে সঙ্গে করে।
এ সময় বলিউড তারকাদের কেউ কেউ ফেদেরারের সঙ্গে টেনিস খেলার সুযোগও হাতছাড়া করেননি। ভারতের সাবেক ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা নোভাক জোকোভিচের সঙ্গে জুটি বেঁধেছিলেন। ফেদেরার–জোকোভিচরাও বলিউডের সুরে দু পাক নেচে নিয়েছেন।
এরই এক ফাঁকে আমিরের সঙ্গে কথা হয় ফেদেরারের। আমিরের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমিরের সঙ্গে দেখা হতেই রজার পিকের পোস্টার নিয়ে কথা বলেন। তিনি এমন পোস্টারের পেছনের কারণটা জানতে খুবই কৌতূহলী। আমিরকে তিনি বলেছেন, ছবিটা মুক্তি পেলে অবশ্যই দেখবেন।’
পিকে মুক্তি পাচ্ছে ১৯ ডিসেম্বর। আইএএনএস।