আরও বাকি জোকোভিচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন অল ইংল্যান্ড ক্লাব কোর্টের নতুন রানি, অন্যজন আবারও পেলেন রাজার মুকুট। লন্ডনে পরশু উইম্বলডনের চ্যাম্পিয়নস ডিনারে মঞ্চে একসঙ্গে নাচলেন রাজা-রানি সার্বিয়ার নোভাক জোকোভিচ ও যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস l এএফপি
একজন অল ইংল্যান্ড ক্লাব কোর্টের নতুন রানি, অন্যজন আবারও পেলেন রাজার মুকুট। লন্ডনে পরশু উইম্বলডনের চ্যাম্পিয়নস ডিনারে মঞ্চে একসঙ্গে নাচলেন রাজা-রানি সার্বিয়ার নোভাক জোকোভিচ ও যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস l এএফপি

অল ইংল্যান্ড ক্লাবের সবুজ ঘাসের কোর্টে নামার আগে একজনের নামের পাশে ১৭টি গ্র্যান্ড স্লাম, অন্যজনের ৮টি। প্রথমজনের বয়স ৩৩, দ্বিতীয় জনের ২৮। ট্রফি বলুন আর অভিজ্ঞতা—দুটিতেই রজার ফেদেরার যোজন যোজন এগিয়ে। শুধু র্যাঙ্কিংটাই বলছিল, ফেদেরার সর্বকালের সেরাদের একজন হলেও এই সময়ের পারফরম্যান্সে জোকোভিচই এগিয়ে। র্যাঙ্কিংয়ে এক আর দুইয়ের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ হাসিটা এক নম্বর জোকোভিচেরই। গত বছর ফাইনালের প্রায় ‘অ্যাকশন রিপ্লে’ দেখিয়েই টানা দ্বিতীয় উইম্বলডন ও ক্যারিয়ারের নবম গ্র্যান্ড স্লাম জিতলেন জোকোভিচ, ফেদেরার আটকে রইলেন ১৭-তেই।
আরও একটা গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দে উদ্ভাসিত জোকোভিচ, ‘খুশি না হওয়ার তো কোনো কারণ দেখি না। ১৪ বছর বয়সে সার্বিয়ায় যখন নিজের একটা জায়গা করে নেওয়ার সুযোগ খুঁজছিলাম, তখন যদি কেউ আমাকে প্রস্তাব দিত, ২৮ বছর বয়সে আমার নামের পাশে এই ট্রফিগুলো থাকবে, আমি খুশি মনে সেটা সই করে নিয়ে নিতাম।’ ৯টি গ্র্যান্ড স্লামের ৮টিই এসেছে ২০১১ সালের জানুয়ারির পর থেকে। উইম্বলডন ছাড়াও এ বছর জিতেছেন আরও ৫টি ট্রফি, যার মধ্যে আছে অস্ট্রেলিয়ান ওপেনও। সব মিলিয়ে ৫১ ম্যাচের ৪৮টিতেই জয়, হার মাত্র ৩টি। দুর্দান্ত এই ফর্মটা সামনেও ধরে রাখতে পারবেন বলে আশাবাদী ‘জোকার’, ‘আমার বয়স ২৮। আমি খুবই ভালো আছি এবং মোটেই নিজেকে বুড়ো মনে হচ্ছে না। আশা করছি আরও অনেক বছর খেলতে পারব। আমার সামর্থ্যের সীমাটা দেখতে চাই আমি। দেখতে চাই আর কতগুলো ট্রফি জিততে পারি কিংবা সর্বোচ্চ পর্যায়ে কত দিন খেলতে পারি।’ এই জয়ের ফলে ফেদেরারের সঙ্গে জোকোভিচের মুখোমুখি লড়াইয়ের ফলটাও এখন সমান সমান। ৪০ বারের দেখায় ২০ বার করে জিতেছেন দুজনই।
২০১২ সালে উইম্বলডন জেতার পর আরও একটা গ্র্যান্ড স্লাম থেকে খালি হাতে ফিরলেন ফেদেরার। এবার উইম্বলডনের শুরু থেকেই তাঁর দুর্দান্ত পারফরম্যান্স আশাবাদী করে তুলেছিল অনেককে। বিশেষ করে সেমিফাইনালে অ্যান্ডি মারের বিপক্ষে দাপুটে জয়ের পর মনে হচ্ছিল ১৮তম গ্র্যান্ড স্লামটা বুঝি হয়েই যাবে ফেদেরারের। জোকোভিচের কাছে হেরে সেই স্বপ্নভঙ্গ হলেও ফেদেরারের বিশ্বাস, তিনি এখনো ফুরিয়ে যাননি। শঙ্কাটাকে উড়িয়ে দিয়েই বলেছেন, ‘আমি বিশ্বের এক নম্বর খেলোয়াড়টির কাছে হেরেছি। যদি হারতেই হয় তাহলে এমন একজন খেলোয়াড়ের কাছেই আপনি হারবেন। আমি বলছি না যে হারটাই স্বাভাবিক। কিন্তু একটি জিনিস সবার মনে রাখা উচিত, এই জোকোভিচকেই কিন্তু আমি অনেকবার হারিয়েছি। তাকে হারানোর সুযোগ হয়েছে, এমন কিছু খেলোয়াড়ের একজন আমি।’
এই নিয়ে ফেদেরার উইম্বলডনের ফাইনালে খেললেন দশমবার। পিট সাম্প্রাসের সঙ্গে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশিবার (৭) উইম্বলডন জয়ের রেকর্ডটাও তাঁর। রোববার অল ইংল্যান্ড ক্লাবে আরও একবার সুযোগ পেয়েছিলেন সাম্প্রাসকে ছাড়িয়ে যাওয়ার। তবে সেটা হয়নি বলেও খুব আক্ষেপ নেই ফেদেরারের, ‘হার তো কখনোই আনন্দদায়ক নয়। হার মানে আপনি খালি হাতে ফিরে যাচ্ছেন। আমার কাছে ফাইনালে খেলা আর ট্রফি জেতা দুটি এক ব্যাপার নয়। এটা সবাই জানে। কিন্তু সৌভাগ্যক্রমে আমি এখানে আগে অনেকবার জিতেছি। তাই মনে হচ্ছে না যে আমি কোনো লক্ষ্যের পেছনে ছুটছি।’ এএফপি।