আরও সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম সন্তান শুধু ঘরই আলো করেনি, নোভাক জোকোভিচের কোর্টও আলো করেছে। জোকোভিচের গত বছরটা কেটেছে স্বপ্নের মতো। তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছেন, ফ্রেঞ্চ ওপেনেরও ফাইনালে গিয়েছিলেন। প্রথম সন্তান স্টেফানের জন্ম গত অক্টোবরে। সন্তানভাগ্য যখন দুই হাত ভরে সাফল্য দিয়েছে, আরও সন্তান কেন নয়? কাল অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জেতার পর রসিকতা করে সেটাই বললেন জোকোভিচ। স্ত্রী ইয়েলেনা রিস্টিচের উদ্দেশে বললেন, ‘প্রিয়তমা, আমাদের বোধ হয় আরও সন্তান নেওয়া উচিত।’ এর পর স্বভাবসুলভ রসিকতা আরেক প্রস্থ, ‘এই কথার জন্য আমাকে বোধ হয় সমালোচনা সইতে হবে।’ অন্য কারও সমালোচনা পরে, আগে নিজের ঘরটাই সামলাতে হবে জোকোভিচকে! এএফপি।