প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেনিসটা সেরেনা ভালোই খেলেন। কতটা ভালো, ১৮টি গ্র্যান্ড স্লামই সেটির উত্তর। ফ্যাশনজগতেও যে যুক্তরাষ্ট্রের টেনিস তারকার আনাগোনা আছে সেটা অনেকেরই জানা। তবে এটা জানা ছিল না, ফ্যাশনজগতে তাঁর অবস্থানটা ঠিক কোথায়। পরশু জানা হয়ে গেল সেটাও। গত রোববার ইউএস ওপেন জয়ের দুই দিন পর মঙ্গলবার নিউইয়র্কের ফ্যাশনজগৎও যে জেতা হয়ে গেছে সেরেনার। বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় নিউইয়র্ক ফ্যাশন সপ্তাহে অভিষেকেই মাত করেছেন। সেরেনার নকশা করা পোশাক-আশাকের প্রদর্শনী দেখতে হাজির হয়েছিলেন ফ্যাশনজগতের সব হোমরাচোমরা, উপস্থিত ছিলেন ইউএস ওপেনের ফাইনাল প্রতিপক্ষ ক্যারোলিন ওজনিয়াকিও। মুহুর্মুহু করতালিতেই শেষ হয়েছে প্রদর্শনী। বিভিন্ন ফ্যাশন ব্লগেও ইতিবাচক আলোচনা হচ্ছে। খেলা ছাড়ার পর তাহলে ফ্যাশনজগতেই থিতু হচ্ছেন সেরেনা! ইয়াহু স্পোর্টস।