ইউএস ওপেন চিলিচের

পারলেন না জাপানের কেই নিশিকোরি। প্রথম এশীয় হিসেবে ছুঁতে পারলেন না টেনিসের গ্র্যান্ডস্লাম-গর্ব। ইউএস ওপেনের ফাইনালে তিনি হেরে গেছেন ক্রোয়েশিয়ান তারকা মারিন চিলিচের কাছে। ২৫ বছর বয়সী চিলিচের জয়টা এসেছে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে।
২০০১ সালে গোরান ইভানিসেভিচের পর প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে টেনিসের কোনো মর্যাদাকর প্রতিযাগিতা জিতলেন চিলিচ।
এক বছর আগে ডোপিংয়ে ফেঁসে ইউএস ওপেন থেকে বিদায় নিতে হয়েছিল চিলিচকে। এক বছর পর এবারের প্রতিযোগিতা জিতে নিজের সেই দুর্ভাগ্যের শোধটা দারুণভাবেই তুললেন এই ক্রোয়েশিয়ান তারকা।
১৪তম বাছাই চিলিচ নিজের ২৮ বারের প্রচেষ্টায় জিতলেন গ্র্যান্ডস্লামের শিরোপা। ২০০২ সালে পিট সাম্প্রাসের পর তিনিই সর্বনিম্ন র্যাঙ্কিংধারী গ্র্যান্ডস্লাম বিজয়ী। সাম্প্রাস সেবার ইউএস ওপেন জিতেছিলেন বিশ্বের ১৭তম বাছাই হিসেবে।
ফাইনালটা বেশ সহজেই জিতেছেন চিলিচ। ব্রেক পয়েন্টের প্রায় সবগুলোই দারুণ দাপটে নিজের করে নেন তিনি। পুরো ম্যাচেই চিলিচের কাছে যথেষ্ট অসহায় মনে হয়েছে সেমিফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে আসা নিশিকোরিকে।
২০০৫ সালে অস্ট্রেলীয় ওপেনের ফাইনালের পর এই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে ছিলেন না টেনিস দুনিয়ার সেরা তারকা জকোভিচ, ফেদেরার অথবা রাফায়েল নাদাল। রয়টার্স।