ইউএস ওপেনে চোটের হানা

ইউএস ওপেনে খেলোয়াড়দের ওপর ছড়ি ঘোরাচ্ছে চোট। গতকাল শেষ হয়েছে বছরের শেষ গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডের খেলা। পুরুষ বিভাগে ১০ এবং মহিলা বিভাগে ২—মোট ১২ জন প্রতিযোগী চোট নিয়ে কোর্ট ছেড়েছেন!
চোট পাওয়ার মিছিলের মধ্যেও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার ও ২০১২ সালের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। দ্বিতীয় বাছাই ফেদেরার ৬-১, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন র্যা ঙ্কিংয়ের ৩৪তম খেলোয়াড় আর্জেন্টিনার লিওনার্দো মায়ারকে। ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক পরের রাউন্ডে খেলবেন স্টিভ ডার্সিসের বিপক্ষে। বেলজিয়ামের ডার্সিস হারিয়েছেন মার্কোস বাগদাতিসকে। ম্যাচটি যখন ৬-৭ (২/৭), ৬-৩, ৬-২, ৩-১ অবস্থায়—কুঁচকিতে টান পড়ায় কোর্ট ছেড়ে যান সাইপ্রিয়ট প্রতিযোগী। বাগদাতিস ছাড়াও এদিন চোটের কারণে উঠে যান অস্ট্রেলিয়ার ককিনাকিস, লাটভিয়ার আর্নেস্তস গুলবিস ও কাজাখস্তানের আলেক্সান্ডার নেদোভায়েসব। কালকের এই চারজনের আগে পরশু টুর্নামেন্টের প্রথম দিন চোটের কারণে বিদায় নেন ছয়জন—স্পেনের পাবলো আন্দুজার, চেক প্রজাতন্ত্রের রাদেক স্তেপানেক, ইউক্রেনের আলেক্সান্দার দলগোপলোভ, ফ্রান্সের গায়েল মনফিলস, তাইপের লু ইয়েন-হুসুন ও জার্মানির ফ্লোরিয়ান মেয়ার। মেয়েদের বিভাগে আগের দিনে চোট নিয়ে উঠে যান রাশিয়ার ভিতালিয়া দিয়াতচেঙ্কো, আর কাল নিউজিল্যান্ডের মেরিনা এরাকোভিচ।
অ্যান্ডি মারে কাল হারিয়েছেন টেনিসের ‘ব্যাড বয়’খ্যাত নিক কিরিওসকে। ৭-৫, ৬-৩, ৪-৬, ৬-১ গেমের জয়টিতে কিরিওসের বিপক্ষে ব্রিটিশ তারকার রেকর্ড দাঁড়াল ৪-০! স্তানিসলাস ভাভরিঙ্কা, লেটন হিউইট, রিচার্ড গ্যাসকেটও কাল নিশ্চিত করেছেন দ্বিতীয় রাউন্ড। মেয়েদের বিভাগে বিজয়ীদের মধ্যে আছেন সিমোনা হালেপ, পেত্রা কেভিতোভা, সারা ইরানি ও ক্যারোলিন ওজনিয়াকি। এএফপি, রয়টার্স।