ইউএস ওপেনে থাকছেন না নাদাল

নিজের ফেসবুক অ্যাকাউন্টেই চাউর করলেন ব্যাপারটা। ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছেন রাফায়েল নাদাল। শঙ্কাটা বেশ কিছুদিন ধরেই ছিল, সেটাকে সত্যি বলে জানিয়ে দিলেন স্প্যানিশ টেনিস তারকা নিজেই। ডান হাতের কবজির চোটের কারণেই এমন কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছেন ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন।
ফেসবুকে নাদাল লিখেছেন, ‘বলতে খুবই খারাপ লাগছে, তার পরও বলছি, যে প্রতিযোগিতায় আমি এর আগে ভালো খেলেছি, সেই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছি।’
ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেওয়া যে তাঁর মনোকষ্টের কারণ, সেটাও ফেসবুকে জানিয়ে দিয়েছেন তিনি, ‘ইউএস ওপেনে খেলাটা আমার জন্য দারুণ একটা ব্যাপার। খুবই খারাপ লাগছে এই প্রতিযোগিতাটি খেলতে পারছি না।’
চোটের কারণে সিনসিনাটি ও টরন্টো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পর সবাই ভেবেছিলেন ইউএস ওপেনের আগে কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না এই তারকা। কিন্তু তাঁর সব চেষ্টাই ভেস্তে যাওয়ায় সর্বশেষ এই সিদ্ধান্ত। মাঝখানে ট্রেনিং করতে গিয়ে পুরোনো চোটে নতুন করে আঘাত পেয়েই নাকি নাদাল ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন।
দুই বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বারের মতো কোনো গ্র্যান্ডস্লাম খেলতে পারছেন না নাদাল। ২০১১ সালে দে পেত্রোর পর তিনিই দ্বিতীয় খেলোয়াড় যিনি নিজের শিরোপাটি আগলে রাখার লড়াইটিতে থাকতে পারছেন না। সূত্র: নিউইয়র্ক ডেইলি নিউজ।