ইউএস ওপেনে নেই শারাপোভা

ডান পায়ের চোট তাঁকে বেশ ভোগাচ্ছিল। এ কারণে খেলতে পারেননি ইউএস ওপেনের প্রস্তুতিমূলক দুটি টুর্নামেন্ট টরন্টো ও সিনসিনাটি মাস্টার্স সিরিজও। এবার মারিয়া শারাপোভার কাছে আরও বড় হতাশার কারণ হয়ে এল চোট। ইউএস ওপেনেই খেলা হচ্ছে না তাঁর। বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট থেকে গত পরশু নাম প্রত্যাহার করে নিয়েছেন ২৮ বছর বয়সী রুশ টেনিস তারকা।
ফ্ল্যাশিং মিডোয় খেলতে অপারগ হওয়ার খবরটি শারাপোভা দিয়েছেন টুইটারে, ‘দুর্ভাগ্য, ইউএস ওপেনে এবার খেলতে পারছি না আমি। প্রস্তুত হওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করেছি। কিন্তু সময়টা যথেষ্ট ছিল না।’ গত তিন বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনে খেলা হচ্ছে না মেয়েদের র্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড়ের।
শারাপোভা সরে দাঁড়ানোয় কিছুটা হলেও আকর্ষণ হারাবে ইউএস ওপেন। টুর্নামেন্টের ড্রয়ের পর মহিলা বিভাগে সবচেয়ে বড় আকর্ষণ ধরা হচ্ছিল সম্ভাব্য সেরেনা-শারোপাভা সেমিফাইনালটিকে। বাছাইয়ের হিসেবে সেরেনা উইলিয়ামসের অর্ধে বড় প্রতিপক্ষ এখন সপ্তম বাছাই আনা ইভানোভিচ। শারাপোভা নেই বলে যে স্টেফির গ্রাফের পর ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামপ্রত্যাশী সেরেনা বড় সুবিধা পেয়ে গেলেন, এমন নয়। শারাপোভার কাছে সেরেনা তো একরকম অজেয়ই! দুজনের সর্বশেষ ১৭ লড়াইয়ের সব কটিতেই জিতেছেন শীর্ষ বাছাই আমেরিকান। এএফপি, রয়টার্স।
শারাপোভার চোট কপাল খুলে দিয়েছে দারিয়া কাসাতকিনার। বাছাই না উতরেও টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন শারাপোভার স্বদেশি খেলোয়াড়।