ইতিহাস গড়লেন সানিয়া মির্জা

সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস। এ বছরের ১১ মার্চ থেকে গতকাল, ৪৩ দিনে এ জুটির জয় ১৪ ম্যাচে। হার নেই একটিতেও। তিনটি টুর্নামেন্ট খেলে প্রতিটিই চ্যাম্পিয়ন। যেন অপ্রতিরোধ্য এক জুটি হয়ে উঠেছেন দুজন!
কদিন আগেই ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতে নারীদের দ্বৈত র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে উঠে এসেছিলেন ইন্দো-সুইস এই জুটি। এবার তাঁরা নিজেদের নিয়ে গেলেন আরও উচ্চতায়। ফ্যামিলি সার্কেল কাপ জিতে নারীদের দ্বৈতে শীর্ষে উঠে এসেছেন সানিয়া-হিঙ্গিস জুটি। একই সঙ্গে সানিয়া মির্জা গড়েছেন নতুন ইতিহাসও। প্রথম ভারতীয় নারী টেনিস খেলোয়াড় হিসেবে কোনো ধরনের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন, হোক না সেটা ডাবলসে। যুক্তরাষ্ট্রের চার্লসটনে গত রোববার ফ্যামিলি সার্কেল কাপের ফাইনালে সানিয়া-হিঙ্গিস জুটি ৬-০,৬-৪ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাসেই ডেলাকুয়া ও ক্রোয়েশিয়ার ডারিজা জুরাক জুটিকে।
এর আগে ভারতীয় টেনিস খেলোয়াড়দের মধ্যে মহেশ ভূপতি ও লিয়েন্ডার পেস দ্বৈতে শীর্ষে উঠেছিলেন। তবে প্রথম ভারতীয় নারী হিসেবে এ অর্জনটা সানিয়ারই। অসাধারণ এ অর্জনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত হায়দরাবাদের ২৮ বছর বয়সী এ টেনিস-কন্যা, ‘আশা করি, এটা ভারতীয় নারীদের বিশ্বাস করতে সাহায্য করবে যে যেকোনো কিছুই সম্ভব। ১ নম্বর হয়ে আমি গর্বিত। আমি সারা জীবন এটার জন্যই পরিশ্রম করেছি।’
শীর্ষে ওঠার পরই অভিনন্দন-বার্তায় ভাসছেন সানিয়া। পরশু তাঁর জয়ের পরই উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত টুইট করেছেন, ‘অসাধারণ অর্জন। ১ নম্বর হওয়ায় সানিয়াকে অভিনন্দন।’ অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও, ‘সানিয়ার এই কীর্তিতে পুরো দেশ গর্বিত৷’ উষ্ণ অভিনন্দন এসেছে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কাছ থেকেও, ‘১ নম্বরের মুকুট পাওয়ায় অভিনন্দন সানিয়া। তোমার এ অর্জন আরও অনেককে উৎসাহিত করবে।’
কয়েক দিন আগেই ব্যাডমিন্টন র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন আরেক ভারতীয় নারী সাইনা নেহওয়াল। এবার টেনিসে সানিয়া। এ কারণে ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি টুইট করেছেন, ‘প্রথমে সাইনা আর এখন সানিয়া! ভারতীয় মেয়েরা খেলাধুলায় এক নম্বর হচ্ছে। আর আমাদের সবাইকে গর্বিত করছে।’ এএফপি, রয়টার্স।