উইম্বলডন এবারও জোকোভিচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইম্বলডনের ট্রফি হাতে হাস্যোজ্জ্বল নোভাক জোকোভিচ l এএফপি
উইম্বলডনের ট্রফি হাতে হাস্যোজ্জ্বল নোভাক জোকোভিচ l এএফপি

সেমিফাইনালে অ্যান্ডি মারেকে হারানোর পর টিম হেনম্যান, মার্টিনা নাভ্রাতিলোভার মতো সাবেকেরা বলেছিলেন, রজার ফেদেরার এখন তাঁর জীবনের সেরা টেনিসটা খেলছেন। ফাইনালে নোভাক জোকোভিচের সঙ্গে দুর্দান্ত একটা দ্বৈরথই তাই প্রত্যাশিত ছিল। কাল উইম্বলডন ফাইনালের প্রথম দুটি সেটও প্রতিশ্রুতি দিচ্ছিল ধ্রুপদি এক ম্যাচের। কিন্তু শেষ পর্যন্ত জোকোভিচ বুঝিয়ে দিলেন, সর্বকালীন বিচারে ফেদেরার যতই এগিয়ে থাকুন, এই মুহূর্তে তিনিই বিশ্বসেরা। ফেদেরারকে ৭-৬ (৭/১), ৬-৭ (১০/১২), ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে নিজের তৃতীয় উইম্বলডন শিরোপা জিতে নিয়েছেন এই সার্বিয়ান খেলোয়াড়।
ম্যাচের প্রথম দুই সেটে দুর্দান্ত লড়াই হয়েছে। দুটি সেটেরই নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। প্রথম টাইব্রেকারে ফেদেরার অবশ্য দাঁড়াতেই পারেননি। দ্বিতীয় সেটের টাইব্রেকারটাও অবশ্য দুর্দান্ত হলো। সাত-সাতটি সেট পয়েন্ট বাঁচিয়েছেন ফেদেরার। শেষ পর্যন্ত ফেদেরার যখন ১২-১০ পয়েন্টে সেটটা জিতলেন, অল ইংল্যান্ড ক্লাব ফেটে পড়েছে তুমুল হর্ষধ্বনিতে।
কিন্তু শেষ দুই সেটে জোকোভিচ দাঁড়াতেই দেননি ফেদেরারকে, ম্যাচটিকে একপেশে বানিয়ে ফেটে পড়েছেন উল্লাসে। উইম্বলডনে শিরোপা ধরে রাখার উল্লাস। অল ইংল্যান্ড ক্লাবে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস। সব মিলিয়ে নবম গ্র্যান্ড স্লাম জয়ের উল্লাসও বটে। এএফপি।