উইম্বলডনও সেরেনার

এ মুহূর্তে সবগুলো গ্র্যান্ড স্লামের ট্রফিই শোভা পাচ্ছে সেরেনা উইলিয়ামসের শোকেসে। এই বছর অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনের পর বাকি ছিল উইম্বলডন। কাল স্পেনের গারবিন মুগুরুজাকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে পেয়ে গেলেন নিজের ষষ্ঠ উইম্বলডন শিরোপাও। আগের বছর জিতেছেন ইউএস ওপেনও। সবগুলো ট্রফিই তাই এখন সেরেনার কাছে, ২০০২-০৩ মৌসুমেও এই কীর্তি ছিল সেরেনার। ৩৩ বছর ২৮৯ দিন বয়সে উইম্বলডন জিতে নাভ্রাতিলোভাকে টপকে উন্মুক্ত যুগের সবচেয়ে বেয়াজে্যষ্ঠ গ্র্যান্ড স্লামজয়ী হলেন সেরেনা। তবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লামটা এখনো পাওয়া হয়নি, সর্বশেষ ১৯৯৮ সালে এটা করে দেখিয়েছিলেন স্টেফি গ্রাফ।
সেটা পাবেন কি না, সময়ই বলে দেবে। তবে আপাতত সেরেনা মগ্ন উইম্বলডন জয়ের তৃপ্তিতে। হারের আগে মুগুরুজা অবশ্য তাঁর ঘামই ঝরিয়ে ছেড়েছেন। প্রথম সেটে এই স্প্যানিয়ার্ড ৪-২ গেমে এগিয়ে গিয়েছিলেন, সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ান সেরেনা। দ্বিতীয় সেটে আবার উল্টো কাহিনি, ৫-১ ও ৫-৩ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দু-দুবারই ঘুরে দাঁড়ানোর হুমকি দিয়েছিলেন মুগুরুজা। শেষ পর্যন্ত অবশ্য সেরেনাই জয়ী। জয়ের পরই যেন পেয়েছেন স্বস্তি, ‘খুবই ভালো লাগছে। গারবিন দারুণ খেলেছে। সে এতই ভালো খেলছিল, খেলাটা কখন শেষ হয়েছে সেটা বুঝতেই পারিনি। অবশ্যই আমার ওপর শেষ পর্যন্ত চাপ ছিল। গারবিন খুবই ভালো খেলতে শুরু করেছিল। আমি ওখানে থেকে শুধু চেষ্টাই করেছি।’
‘সেরেনা-স্লাম’ পেয়েছেন আগেও। আবারও পাওয়ার আনন্দে সেরেনা যেন আগের মতোই রোমাঞ্চিত, ‘আমি বিশ্বাস করতে পারছি না, আরেকটা সেরেনা-স্লাম হয়ে গেছে আমার। অসাধারণ লাগছে’! ২১টি গ্র্যান্ড স্লামের মধ্যে উইম্বলডনের সঙ্গে অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেনও জিতেছেন ছয়বার করে। তারপরও ঘাসের কোর্টে ট্রফি হাতে নেওয়ার অনুভূতিটা অন্য রকম। সেরেনা যেন তাতেই আচ্ছন্ন, ‘আমি কোর্টে সময়টা খুবই উপভোগ করেছি। উইম্বলডন জয় তো বটেই, প্রতিদিন খেলতে পারাটাই দারুণ একটা ব্যাপার। অবিশ্বাস্য এই জায়গায় এত সম্মান পেয়েছি, ভাবতেই আমার আপ্লুত লাগছে’। ২০তম বাছাই মুগুরুজার ফাইনালে ওঠাটাও একটা চমক হয়েই এসেছিল। সেরেনা প্রতিদ্বন্দ্বীকে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানালেন, ‘আমি জানি সে খুব তাড়াতাড়িই এই ট্রফিটা হাতে নেবে।’ এএফপি।
সামনে শুধু স্টেফি গ্রাফ
২২
স্টেফি গ্রাফ
জার্মানি
২১
সেরেনা উইলিয়ামস
যুক্তরাষ্ট্র
১৮
মার্টিনা নাভ্রাতিলোভা
যুক্তরাষ্ট্র
ক্রিস এভার্ট
যুক্তরাষ্ট্র
১১
মার্গারেট কোর্ট
অস্ট্রেলিয়া
৯
মনিকা সেলেস
যুক্তরাষ্ট্র
১৯৬৮ সাল থেকে শুরু উন্মুক্ত যুগের আগের সময়ও ধরলে ২৪টি গ্র্যান্ড স্লাম নিয়ে সবার ওপরে মার্গারেট কোর্ট।
২
টানা চারটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি এ নিয়ে সেরেনার দ্বিতীয়বার। এর আগে ২০০২-০৩ মৌসুমেও জিতেছিলেন টানা চারটি গ্র্যান্ড স্লাম।
৪
এ বছর ফ্লাশিং মিডোয় জিতলে মরিন কনোলি, মার্গারেট কোর্ট ও স্টেফি গ্রাফের পর ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামজয়ী মহিলা টেনিসের চতুর্থ খেলোয়াড় হবেন সেরেনা।
৬
উইম্বলডনে এটি ষষ্ঠ শিরোপা সেরেনার। অস্ট্রেলিয়ান এবং ইউএস ওপেনেও তাঁর শিরোপা ছয়টি।