উইম্বলডনকে বিদায় হিউইটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ অস্ট্রেলিয়ান ওপেনেই ক্যারিয়ারের ইতি টানবেন—এমনটা আগেই জানিয়ে রেখেছেন লেটন হিউইট। এবারের আসরটাই তাই অল ইংল্যান্ড ক্লাবের তাঁর শেষ টুর্নামেন্ট। কিন্তু শেষটা ভালো হলো না। ২০০২ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন হিউইট বিদায় নিলেন প্রথম রাউন্ডেই।
ফর্মটা অবশ্য এমনিতেই ভালো যাচ্ছিল না। এ বছর সাত ম্যাচের ছয়টিতেই হেরেছেন। উইম্বলডনে তাঁকে খেলার সুযোগ করে দিয়েছিল ওয়াইল্ড কার্ড। আশা করেছিলেন প্রথম রাউন্ডের বাধা উৎরে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচের। কিন্তু প্রথম রাউন্ডেই বিদায় নিতে হলো অস্ট্রেলীয় তারকাকে। অবশ্য হারের আগে হিউইট লড়েছেন। পুরো চার ঘণ্টা লড়াইয়ের পর জার্কো নাইমিনেনের কাছে হেরেছেন ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-০, ১১-৯ গেমে। এদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন স্ত্রী বেক হিউইট। ছিলেন ভক্তরাও। উইম্বলডনে শেষ ম্যাচ খেলার পর একটুও কী আবেগ ছুঁয়ে যায়নি তাঁকে? ‘আমি সহজেই কাঁদি না। আজও কাঁদিনি। কিন্তু কাছাকাছি চলে গিয়েছিলাম’—বললেন ৩৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান।
হিউইটের বিদায়ের দিনে বাছাই তারকাদের জয়জয়কার। এক নম্বর তারকা শীর্ষ বাছাই সার্বিয়ান নোভাক জোকোভিচ ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন জার্মানির ফিলিপ কোলশ্রাইব্রারকে। ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন, চতুর্থ বাছাই স্তানিসলাস ভাভরিঙ্কা ও পঞ্চম বাছাই জাপানের কেই নিশিকোরি হারিয়েছেন পর্তুগালের জোয়াও সুজা ও সিমোনে বোলেল্লিকে।
মহিলা বিভাগে প্রথম রাউন্ডের বাধা উৎরেছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া সারাপোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা, আনা ইভানোভিচ ও ভেনাস উইলিয়ামস। মরিন কনোলি (১৯৫৩), মার্গারেট কোর্ট (১৯৭০) ও স্টেফি গ্রাফের (১৯৮৮) পর ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম প্রত্যাশী সেরেনা ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন রাশিয়ার মার্গারিটা গ্যাসপেরিয়ানকে। সেরেনার চেয়েও আত্মবিশ্বাস জাগানিয়া জয় পেয়েছেন তাঁর বড় বোন। মাত্র ৪২ মিনিটেই ৬-০, ৬-০ গেমে স্বদেশি ম্যাডিসন ব্রেঙ্গলকে উড়িয়ে দিয়েছেন ভেনাস উইলিয়ামস। দুবার সেমিফাইনাল খেলা বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা এস্তোনিয়ার আনেট কন্টাভেট এবং সার্বিয়ান ইভানোভিচ চীনের অবছাই জু ইয়ানকে হারিয়েছেন। এএফপি।