উইম্বলডনে ঘাসের কোর্ট নিয়েই ভয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোর্টের ওপর শুয়ে কাতরাচ্ছেন ম্যাটেক-স্যান্ডস, তাঁকে সান্ত্বনা দিচ্ছেন স্বামী জাস্টিন। ছবি: এএফপি
কোর্টের ওপর শুয়ে কাতরাচ্ছেন ম্যাটেক-স্যান্ডস, তাঁকে সান্ত্বনা দিচ্ছেন স্বামী জাস্টিন। ছবি: এএফপি

‘সরানা, আমাকে সাহায্য করো!’

এমন আর্তচিৎকার কোনো যুদ্ধক্ষেত্রে নয়, শোনা গেছে এবারের উইম্বলডনে। গত বৃহস্পতিবার মেয়েদের দ্বিতীয় রাউন্ডে তৃতীয় সেট শুরু হয়েছিল মাত্র। রোমানিয়ার সরানা কিরস্টিয়ার একটি শট ফেরাতে গিয়ে হঠাৎ কোর্টে পড়ে গেলেন বেথানি ম্যাটেক-স্যান্ডস। কিছুক্ষণ কেউ বুঝেও উঠতে পারেনি, কী ঘটেছে। কিরস্টিয়া নিজে নেট পার করে এগিয়ে আসার পর দেখলেন, ব্যথায় চিৎকার করছেন ম্যাটেক। আর একটু পর পর বলছেন, ‘সাহায্য করো, আমাকে সাহায্য করো।’
ভয়ংকর এ দুর্ঘটনায় ম্যাটেকের হাঁটুতে দীর্ঘমেয়াদি চোটের আশঙ্কা করা হচ্ছে। তবে এ ঘটনায় অন্য খেলোয়াড়েরাই আতঙ্কিত হয়ে পড়েছেন বেশি। এবারের উইম্বলডনের কোর্ট নিয়ে সমালোচনা শুরু হয়েছিল আগেই। এ ঘটনায় উইম্বলডনের পুরো ব্যবস্থাপনা নিয়েই প্রশ্ন উঠেছে। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আদৌ কি ভাবছে উইম্বলডন! সেদিন এ ঘটনার সবচেয়ে কাছে ছিলেন যিনি, সেই কিরস্টিয়া তো উইম্বলডন কর্তৃপক্ষের ওপর ভীষণ ক্ষুব্ধ, ‘সবাই যেন জমে গেল, কেউ কোনো কিছুই করছিল না। সাহায্যের জন্য ডাক দিলাম, কিন্তু কেউ আসছিল না। আমার তো মনে হচ্ছিল, অনেক সময় ধরে শুধু আমি, ওর স্বামী ও আমার ফিজিও ছিলাম। আমার ফিজিও লাফ দিয়ে চলে এল, আমিও চেষ্টা করছিলাম কিছু করার, কিন্তু নিজেকে একদম অপ্রয়োজনীয় মনে হচ্ছিল।’
সঙ্গে সঙ্গে কোনো মেডিকেল টিম না পাওয়ার কড়া সমালোচনা করেছেন কিরস্টিয়া, ‘অনেক খেলা আছে , যেখানে কিছু ঘটলে সঙ্গে সঙ্গে সাহায্য চলে আসে, ফুটবল কিংবা বক্সিংয়ে। কিন্তু এখানে অনেক সময় নিল, ভাবুন তো একবার, এটা যদি হৃদ্‌রোগ হতো তখন? আমার তো মনে হয়েছিল, প্রায় ১০-১৫ মিনিট আমি ছিলাম, এর মধ্যে কোনো স্ট্রেচার আসেনি।’
অল ইংল্যান্ড ক্লাব অবশ্য এ অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, ‘এক মিনিটের মধ্যেই সেখানে প্রশিক্ষিত লোক গিয়েছে। ব্যথানাশক দেওয়ার সময়টুকুতেই তাঁকে কোর্টে রাখা হয়েছে। এরপরই তাঁকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে।’

বলুন তো কোনটি লর্ডসের উইকেট, আর কোনটি উইম্বলডনের কোর্ট? ছবি: টুইটার
বলুন তো কোনটি লর্ডসের উইকেট, আর কোনটি উইম্বলডনের কোর্ট? ছবি: টুইটার

মেডিকেল টিম নিয়ে সমালোচনার জবাব দিতে পারলেও কোর্টের বাজে অবস্থার কোনো উত্তর দিতে পারছে না উইম্বলডন। ম্যাটেকের চোট পাওয়ার ঘটনা ১৭ নম্বর কোর্টে হলেও ১৮ নম্বর কোর্টের ঘাস নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। এখানেই ১২তম বাছাই ক্রিস্টিনা ম্লাদেনোভিচ হেরে গেছেন অ্যালিসন রিসকের কাছে। প্রথম সেট জিতেও পরের দুই সেটে হেরে বিদায় নিয়েছেন ফ্রেঞ্চ এই প্রতিযোগী। কিন্তু তাঁর হার নিয়ে কোনো দুঃখ নেই। ১৮ নম্বর কোর্ট থেকে বড় ধরনের কোনো চোট ছাড়াই বের হতে পেরেছেন বলেই আনন্দিত তিনি। ম্লাদেনোভিচের দাবি, ‘আমি আশীর্বাদপ্রাপ্ত এবং চোট না পাওয়ায় খুব খুশি। আজ তো এর চেয়ে খারাপ কিছু ঘটেছে।’
ম্লাদেনোভিচ জানাচ্ছেন, তিন সেট দূরে থাক, দুই গেম পরেই তিনি ও রিসকে কথা বলে একমত হয়েছেন যে এ কোর্টে খেলা সম্ভব নয়, ‘এটা নজিরবিহীন এক ঘটনা, আপনি ও আপনার প্রতিদ্বন্দ্বী দুজনই একটি গ্র্যান্ড স্লামে খেলতে নেমেছেন অথচ ভাবছেন খেলা বন্ধ করে দেবেন!’ তিনি জানান, ম্লাদেনোভিচ ও রিসকে দুজনই নাকি রেফারিকে জিজ্ঞেস করেছিলেন, দুই খেলোয়াড়ই খেলতে না চাইলে নিয়ম কী বলে! কিন্তু নিয়মে কিছু না থাকায় খেলা চালিয়ে যেতে হয়েছে।
উইম্বলডনই একমাত্র গ্র্যান্ড স্লাম, যেখানে ঘাসের কোর্টে খেলা হয়। কিন্তু এবার ১৮ নম্বর কোর্টে ঘাসই খুঁজে পাননি ম্লাদেনোভিচ, ‘এখানে কোনো ঘাস নেই। আমি জানি না কীভাবে বর্ণনা করব। আমি খুবই খুশি যে চোট পায়নি।’ অবস্থা কতটা করুণ, সেটা বোঝাতে বিবিসি ফাইভ লর্ডস টেস্টের উইকেট ও ১৮ নম্বর কোর্টের দুটি ছবি পাশাপাশি দিয়ে জিজ্ঞেস করেছে, কোনটি কী বলুন! দ্বিধান্বিত পাঠকের বিভ্রান্তি তাতে কমেনি, বরং বেড়েছে! সূত্র: বিবিসি, মার্কা।