উইম্বলডনে স্বস্তির বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তপ্ত একটি দিনের পর কাল উইম্বলডনে এল শান্তির বৃষ্টি। দিনের খেলা শুরু হতে দেরি হয়েছে, তবে খেলোয়াড়-দর্শকেরা স্বাগতই জানিয়েছেন বৃষ্টিকে। পরশু থার্মোমিটারে পারদটা চড়েছিল রেকর্ড ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড গরমে মাথা ঘুরেছে বার্নার্ড টমিকের, এক বলবয় তো জ্ঞানই হারায়। কাকতালীয়ভাবে আগুনও ধরে গিয়েছিল সেন্টার কোর্টের কাছে এক রেস্তোরাঁয়। সাবধানতায় খালি করে ফেলা হয় সেন্টার কোর্ট।
পরশু প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই তৃতীয় রাউন্ডে উঠে গেছেন নোভাক জোকোভিচ, সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভারা। তবে দ্বিতীয় রাউন্ড পেরোতে পারেননি সার্বিয়ার আনা ইভানোভিচ, হেরে গেছেন যুক্তরাষ্ট্রের বেথানি মাতেকের কাছে। কাল নিজ নিজ ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার, অ্যান্ডি মারে ও মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। এএফপি।