উইম্বলডনেও নেই নাদাল

কবজির চোট ফ্রেঞ্চ ওপেনের মাঝপথে থামিয়ে দিয়েছিল রাফায়েল নাদালকে। প্রিয় ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্লামের তৃতীয় রাউন্ডেই সরে দাঁড়ান। কবজির চোট এবার তাঁকে খেলতে দিচ্ছে না উইম্বলডনেও। ২৭ জুন শুরু বছরের তৃতীয় এই গ্র্যান্ড স্লাম থেকে পরশু নাম প্রত্যাহার করে নিলেন টেনিসের সাবেক নাম্বার ওয়ান। এএফপি।
লিখিত বিবৃতিতেই নাদাল জানিয়েছেন, উইম্বলডনে খেলবেন না, ‘আমি দুঃখিত যে এ ঘোষণাটা আমাকে দিতে হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ এবং আমার চোটের মেডিকেল পুনর্বিবেচনা করেই এই বছর উইম্বলডনে আমার না খেলার সিদ্ধান্ত। সবাই অনুমান করতেই পারছেন, আমার জন্য এটা খুব কঠিন সিদ্ধান্ত। রোলাঁ গারোয় যে চোট পেয়েছিলাম, তা কাটিয়ে ওঠার জন্য সময়ের দরকার।’
সেই সময়টা কত লম্বা হবে—কৌতূহল এখন তা নিয়েই। আগামী আগস্টে শুরু রিও ডি জেনিরো অলিম্পিক। সেখানে স্পেন দলের পতাকা বহন করার কথা তাঁর। কিন্তু অলিম্পিক শুরুর আগেই কি তিনি ফিট হয়ে উঠতে পারবেন? নাদালের কোচ ও তাঁর আপন চাচা টনি নাদাল অবশ্য আশা করছেন অলিম্পিকে খেলবেন নাদাল। তবে তিনি এটাও বলেছেন, ‘যত দিন না চিকিৎসকেরা বলবেন সবকিছু ঠিক আছে, তত দিন সে কোর্টে ফিরবে না। এক শ ভাগ ফিট না হওয়া পর্যন্ত খেলবে না সে।’
চোট অনেকবারই গ্র্যান্ড স্লামে খেলতে দেয়নি নাদালকে। এবারের উইম্বলডন নিয়ে মোট ৯টি গ্র্যান্ড স্লামে নাদাল অনুপস্থিত থেকেছেন। উইম্বলডনেই ২০০৪ ও ২০০৯ সালে অ্যাঙ্কেল ও হাঁটুর চোটের কারণে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।