উইম্বলডনের মঞ্চে নাদালের '৫০'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইম্বলডনে ৫০তম জয়টি তুলে নিলেন রাফায়েল নাদাল। ছবি: এএফপি
উইম্বলডনে ৫০তম জয়টি তুলে নিলেন রাফায়েল নাদাল। ছবি: এএফপি

বেশ দাপটের সঙ্গেই উইম্বলডনে নিজের শুরুটা করেছেন রাফায়েল নাদাল। প্রথম রাউন্ডে জন মিলম্যানকে হারিয়েছেন সরাসরি সেটে। এটি স্প্যানিশ তারকার ক্যারিয়ারের ৮৫০তম জয়। উইম্বলডনের মঞ্চে ৫০তম।
মিলম্যানের বিপক্ষে নাদালের জয়টা আসে ৬-১, ৬-৩, ৬-২-এ। সহজে ম্যাচটা জিতে সন্তুষ্ট ফ্রেঞ্চ ওপেন বিজয়ী। বলেছেন, জিতে পরের রাউন্ডে যাওয়াটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ‘আমি কেমন খেলেছি, বলতে পারব না; অন্যরা বলবেন। তবে আমি খুশি যে জিতে পরের রাউন্ডে যেতে পেরেছি। কয়েকটি শট যেমন খুশি খেলতে পেরেছি। সবচেয়ে খুশি অনেক দিন পর উইম্বলডনে ফিরতে পেরে।’
জিতেছেন অ্যান্ডি মারেও। নাদালের মতো তিনিও জিতেছেন সরাসরি সেটে। আলেকজান্ডার বুবলিকের বিপক্ষে তাঁর জয়টা ৬-১, ৬-৪, ৬-২-এ।
পুরুষ এককে আজ মাঠে নামবেন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। গত এক বছরের বাজে পারফরম্যান্স উইম্বলডনে পেছনে ফেলার প্রত্যয় নিয়েই মাঠে নামবেন সার্বিয়ান তারকা। তবে সুইস তারকার লক্ষ্যটা আরও একটি উইম্বলডন জয়ের স্বপ্নটাকে সামনে এগিয়ে নেওয়া। জোকোভিচের প্রতিপক্ষ স্লোভাক খেলোয়াড় মার্টিন ক্লিজান। ফেদেরারের সামনে দাঁড়াবেন ইউক্রেনের আলেকজান্ডার ডোগেপোলভ। সূত্র: রয়টার্স, এএফপি