২২ বছরের রেকর্ড ভেঙে সেমিতে ভেনাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিতে পৌছে গেলেন ভেনাস। ছবি: রয়টার্স।
সেমিতে পৌছে গেলেন ভেনাস। ছবি: রয়টার্স।

উইলিয়ামস, টেনিসের প্রায় হারিয়ে যাওয়া এক নামেই পরিণত হয়েছিলেন। একদিকে ছোট বোন টেনিসের কিংবদন্তিতে পরিণত হচ্ছিলেন, অন্যদিকে তিনি চলে যাচ্ছিলেন দৃষ্টির বাইরে। অবশেষে ঘুরে দাঁড়ালেন ভেনাস। ৩৬ বছর বয়সে এসে উঠে গেলেন উইম্বলডনের সেমিফাইনালে। আজ উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের ইয়ারোস্লাভা শেভডোভাকে ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছেন ভেনাস। গত ২২ বছরে ৩৬ বছর বয়সে গ্র্যান্ডস্লামে কেউ সেমিফাইনালে পৌঁছায়নি। ২০১০ ইউএস ওপেনের পর এই প্রথম কোনো গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে পা রাখলেন তিনি। আর ফাইনাল খেলেছে তারও অনেক আগে ২০০৯ সালে, উইম্বলডনেই।
এই জয়ের ফলে আবারও একটি ‘অল-উইলিয়ামস’ ফাইনাল দেখার আশা বেঁচে থাকল। কারণ, ২২তম গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন দেখতে থাকা সেরেনা উইলিয়ামসও নিজের খেলায় রাশিয়ান অ্যানাস্তাশিয়া পাওলিচেনকোভাকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন। সেখানে তাঁর প্রতিপক্ষ এলেনা ভেসনিনা। ভেনাস খেলবেন অ্যাঞ্জেলিক কারবারের বিপক্ষে।
সেরেনা অবশ্য এখনই ফাইনাল নিয়ে ভাবতে শুরু করেছেন, ‘এটা দারুণ হবে। সে ভালো খেলুক, সেটি সব সময় চাই। তবে ফাইনালে আমি থাকলে সেটি চাইব না।’
ভেনাস কি পারবেন? আশা করতেই পারেন, সর্বশেষ গ্র্যান্ডস্লামটি তো এখানেই পেয়েছিলেন আট বছর আগে।