বলকুড়ানি ছেলেমেয়েদের দেখলে হয়তো ঈর্ষাই হয় টেনিস-ভক্তদের। তারকাদের কত কাছাকাছি থাকা যায়! সেলফি-অটোগ্রাফের আবদার মেটানোও কত সহজ তাঁদের জন্য। বাস্তবে অবশ্য ব্যাপারটা অত সহজ নয়। খেলোয়াড়দের কাছে কোনো ব্যক্তিগত আবদার করা বলকুড়ানি ছেলেমেয়েদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ। এখানে ব্যতিক্রম রজার ফেদেরার। আগামী অস্ট্রেলিয়ান ওপেনে বলকুড়ানি ৩৮০ জন ছেলেমেয়ের উদ্দেশে এক ভিডিও বার্তায় সুইস তারকা বলেছেন, ছোটবেলায় তিনিও বল কুড়ানোর কাজ করেছেন। যদি কর্তৃপক্ষ অনুমতি দেয়, গ্র্যান্ড স্লাম চলার সময় তাদের আবদারে সাড়া দিতে তাঁর কোনো সমস্যা নেই। টুর্নামেন্টটির পরিচালক ক্রেগ টিলি অবশ্য ১৭টি গ্র্যান্ড স্লাম-জয়ী তারকার সঙ্গে এ ব্যাপারে একমত নন। পেশাদারি জায়গায় থেকে কোনো নিয়ম না ভাঙার পক্ষেই টেনিস অস্ট্রেলিয়ার এই প্রধান নির্বাহী। তারকাদের সেলফি-অটোগ্রাফ নেওয়ার স্বপ্নটা এবারও অপূর্ণ থেকে যাবে বলকুড়ানি ছেলেমেয়েদের? এএফপি।