উনিশ থেকে দুই ধাপ দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ফর্ম নিয়ে খুশি রজার ফেদেরার
নিজের ফর্ম নিয়ে খুশি রজার ফেদেরার

পুরুষ উইম্বলডনের ড্র ‘বিগ ফোরের’ চারজনেরই সেমিফাইনাল খেলার সুযোগ রেখেছিল। কিন্তু টুর্নামেন্ট শেষ চারে পৌঁছে পেল মাত্র একজনকে—রজার ফেদেরার। রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে—বাকি তিনজন না থাকায় টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা তাঁর দিকে কি একটু হলেও হেলে পড়েনি?

মারের বিদায়ের পর বাজিকরদের ফেবারিট এখন ফেদেরারই। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন। এখনো একটা সেটও হারেননি। নিজের খেলা নিয়ে ফেদেরার বেশ আত্মবিশ্বাসীও, ‘কয়েক বছর আগের মতো খেলার কথা আমি ভাবি না। তবে প্রতিবছর আরও ভালো করার আশা তো থাকেই। আমি আনন্দিত যে এখনো ভালো খেলছি। আমি কি বিস্মিত? কিছুটা হয়তো।’

ভালো খেলার প্রেরণাও আছে ফেদেরারের। সবচেয়ে বেশি ১৮টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটিকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারবেন আর দুটি ম্যাচ জিতলে। হবেন উইম্বলডনের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ চ্যাম্পিয়ন। মিলোস রাওনিচের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জিতে উইম্বলডনের সেমিফাইনালে ওঠা দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ খেলায়াড় ৩৬ ছুঁই-ছুঁই ফেদেরার। সবচেয়ে বেশি বয়সে উইম্বলডনের শেষ চারে উঠেছিলেন কেন রোজওয়েল। ১৯৭৪ সালে শেষ চারে ওঠা এই টেনিস-গ্রেট অবশ্য শিরোপা জিততে পারেননি। ফেদেরার পারবেন?

সেমিফাইনালে আজ ফেদেরারের প্রতিপক্ষ টমাস বার্ডিচ। মুখোমুখি লড়াইয়ে এই চেক প্রতিযোগীর সঙ্গে অনেক এগিয়ে ফেদেরার। এ পর্যন্ত দুজন ২৪ বার মুখোমুখি হয়েছেন। ১৮ বারই জিতেছেন ফেদেরার। ৬ বার বার্ডিচ। টানা ৯টি লড়াইয়ে হারের পর অবশ্য সর্বশেষ সাক্ষাতে জিতেছেন ৩১ বছর বয়সী চেক।

পুরুষ বিভাগের দ্বিতীয় সেমিফাইনালও আজ। সেটিতে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠা আমেরিকান স্যাম কোয়েরির মুখোমুখি মারিন চিলিচ। এএফপি।

সেমিফাইনাল লাইনআপ

রজার ফেদেরার-টমাস বার্ডিচ

স্যাম কোয়েরি-মারিন চিলিচ