এই তো ক্লে কোর্টের নাদাল!

২৮ মে শুরু হবে ক্লে কোর্টের গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন। তাতে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে রজার ফেদেরার, স্তান ভাভরিঙ্কা, অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচের চেয়ে নাদালকেই বাজির দরে এগিয়ে রেখেছিল বাজি ধরার সাইট বোভাদা ডট এলভি। সেটিও গত মাসে। এখন কিন্তু বলাই যায়, লাল দুর্গে এবার সাফল্যের ঝান্ডা ওড়ানোর সম্ভাবনা নাদালেরই সবচেয়ে বেশি।
নাদালের সাম্প্রতিক পারফরম্যান্সই কথা বলছে তাঁর হয়ে। গত মাসে দুটি মাস্টার্স টুর্নামেন্ট মন্টে কার্লো ও বার্সেলোনা ওপেন জিতেছেন। ফ্রেঞ্চ ওপেনের আগে পরশু জিতলেন টুর্নামেন্ট মাদ্রিদ ওপেন। ফাইনালে ৭-৬ (১০/৮), ৬-৪ গেমে অস্ট্রিয়ার ডমিনিক থিমকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো জিতলেন এই টুর্নামেন্ট। এটি তাঁর ক্যারিয়ারের ৩০তম মাস্টার্স শিরোপা। শুধু আর একজনই জিতেছেন ৩০টি মাস্টার্স—নোভাক জোকোভিচ।
সেমিফাইনালে এই জোকোভিচকে হারিয়েই মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠেছিলেন নাদাল। সর্বশেষ এই লড়াইয়ের আগের তিন বছরে নাদাল কখনোই হারাতে পারেননি জোকোভিচকে। এই সময়ে প্রায় অখ্যাত অনেকের কাছেই হেরেছেন নাদাল। চোট আর বাজে ফর্ম—দুইয়ে মিলিয়ে হারিয়েই যেতে বসেছিলেন। লাল দুর্গখ্যাত রোলাঁ গারোয় তাঁর রাজত্ব ছিল অবিসংবাদিত, সেখানেই শিরোপাশূন্য থেকেছেন গত দুই বছর। সেসব বিবেচনায় মন্টে কার্লো, বার্সেলোনা মাস্টার্স ও মাদ্রিদ ওপেন জয়ের মাধ্যমে নাদালের যেন পুনর্জন্মই হলো। উঠে গেছেন র্যাঙ্কিংয়েরও চার নম্বরে।
পরশু জয়ের পর নাদাল অবশ্য ‘পুনর্জন্ম’ শব্দটা মুখে আনেননি, তবে নিজের সাফল্য সম্ভাবনার কথা ঠিকই বলেছেন। ‘আমি জানি, যদি ফিট থাকি, আর ভালো খেলতে পারি, তাহলে আমি অনেক গুরুত্বপূর্ণ শিরোপা জিততে এবং নিজের লক্ষ্যপূরণ করতে পারব’—ফ্রেঞ্চ ওপেন জয়ের প্রচ্ছন্ন একটা ইঙ্গিতই কি দিলেন নাদাল? দিতে তো পারেনই। এ বছর ক্লে কোর্টে নাদালের জয়-পরাজয়ের রেকর্ড যে ১৫-০!
৫
রেকর্ড পঞ্চমবারের মতো মাদ্রিদ ওপেন জিতলেন নাদাল
৩০
এটি তাঁর রেকর্ড ৩০তম মাস্টার্স শিরোপা
৭২
ক্যারিয়ারের ৭২তম শিরোপা