
২০০১ উইম্বলডনে চতুর্থ রাউন্ডে ২০ বছর বয়সী পনিটেল করা চুলের এক প্রতিপক্ষের কাছে হেরে গিয়েছিলেন পিট সাম্প্রাস। আর তাতেই আভাস মিলেছিল নতুন এক কিংবদন্তির জন্ম হয়েছে। ১৭টি গ্র্যান্ড স্লাম জিতে রজার ফেদেরার বুঝিয়ে দিয়েছেন সে আভাস মিথ্যে ছিল না। এবার কি এমনই কোনো ইঙ্গিত দিয়ে রাখলেন মিলোস রাওনিচ?
দুটি ম্যাচকে এক করে ফেলা বাড়াবাড়ি। ২০০১-এ সাম্প্রাসের হারটি ছিল অবিশ্বাস্য। চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে অপরিচিত এক সুইসের কাছে ফর্মে থাকা সাম্প্রাসের হারটি যে অচিন্তনীয় ছিল। সে তুলনায় বয়সের সঙ্গে লড়তে থাকা ফেদেরারের বিপক্ষে রাওনিচের জয়টিকে অঘটন বলা যেতে পারে কিন্তু অবিশ্বাস্য নয়।
পরশু ফেদেরারকে সেমিফাইনালে ৬-৩, ৬-৭ (৩ /৭), ৪-৬, ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে প্রথম কানাডিয়ান হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন রাওনিচ। সেখানে তাঁর প্রতিপক্ষ ২০১৩ উইম্বলডনজয়ী ঘরের ছেলে অ্যান্ডি মারে। দ্বিতীয় সেমিফাইনালে টমাস বারডিচকে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে তৃতীয়বারের মতো উইম্বলডনের ফাইনালে উঠলেন মারে। ক্যারিয়ারের একাদশ গ্র্যান্ড স্লাম ফাইনালে এসে নতুন এক অভিজ্ঞতা হচ্ছে মারের। এই প্রথম কোনো ফাইনালে তিনিই ফেবারিট। এর আগে হয় রজার ফেদেরার নতুবা নোভাক জোকোভিচকে পেয়েছেন প্রতিপক্ষ হিসেবে!
তৃতীয় গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগটা আর হাতছাড়া করতে চান না মারে, ‘নতুন একজনের বিপক্ষে ফাইনালে খেলব। অবশ্যই খুব ভালো সুযোগ। আমি আবারও এটি জেতার চেষ্টা করব।’ তবে রাওনিচকে খাটো করেও দেখছেন না ব্রিটিশ তারকা, ‘মিলোস খুব কঠিন প্রতিপক্ষ। এ বছর ঘাসের কোর্টে খুব ভালো খেলছে ও। উইম্বলডনের সর্বকালের সেরা না হোক অন্যতম সেরা খেলোয়াড়কে হারিয়েই সে এখানে এসেছে।’
রাওনিচকে যোগ্য সম্মান মারে না দিয়ে পারেনও না। দুর্দান্ত সব সার্ভে প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিচ্ছেন তিনি। এবার মোট ১৩৭টি এইস মেরেছেন, সেমিফাইনালেই ফেদেরারের বিপক্ষে ১৪৪ মাইল (২৩১.৭ কিলোমিটার) গতির সার্ভ করেছেন একটি। এ ছাড়া কোর্টে তাঁর উপস্থিতি ও আচরণে নতুন এক ‘রাওনিচ’কেই দেখছেন কানাডিয়ান খেলোয়াড়ের কোচ জন ম্যাকেনরো, ‘মিলোস খুব বুদ্ধিমান। সে কোর্টকে জ্যামিতিক সমীকরণের মতো ব্যবহার করে। সে জানে কোর্টের কোথায় দাঁড়াতে হবে, কখন এগোতে হবে।’
দুজনের কোচ নিয়েও সৃষ্টি হয়েছে তুমুল আগ্রহ। মারের কোচের দায়িত্বে আছেন ম্যাকোনরোর একসময়ের প্রতিদ্বন্দ্বী ইভান লেন্ডল। কিন্তু মারে এ নিয়ে ভাবতে আগ্রহী নন, ‘এ নিয়ে আপনাদেরই আগ্রহ বেশি। আমার খেলা মিলোসের সঙ্গে। আমি ম্যাকনরোর বিপক্ষে খেলছি না, মিলোসও লেন্ডলের বিপক্ষে নামছে না।’
অবশ্য মুখোমুখি হওয়ার সুযোগ এমনিতেও পাচ্ছেন না ম্যাকেনরো ও লেন্ডল। বিবিসির ধারাভাষ্যের কাজে ব্যস্ত থাকায় ফাইনালে ম্যাকেনরোর কোর্টেই থাকার সুযোগ নেই। সূত্র: এএফপি।