এক ম্যাচেই টেনিস শেষ মালদিনির

দ্বিতীয় সারির এটিপি টুর্নামেন্ট আসপ্রিয়া কাপ নিয়ে বিশ্ব টেনিস মহলে খুব একটা আগ্রহ থাকার কথা নয়। তারপরও এবার মিলানের এই টুর্নামেন্টের দিকে অনেকেরই চোখ ছিল। আসলে ঔৎসুক্য তৈরি করেছিলেন এসি মিলান কিংবদন্তি পাওলো মালদিনি। ফুটবলের মালদিনির পেশাদার টেনিসে যে অভিষেক এই টুর্নামেন্ট দিয়েই!
কিন্তু অভিষেকটা মনে রাখার মতো হয়নি ২৬ জুন ৪৯ বছরে পা রাখা মালদিনির। দ্বৈতে স্টেফানো লান্ডোনিকে নিয়েও হেরে গেছেন মাত্র ৪২ মিনিটে। ফুটবলে তিনি বিশাল এক তারকা হতে পারেন, কিন্তু টেনিসে তাঁর শেখার এখনো অনেক বাকি, সেটি পরিষ্কার ৬-১, ৬-১ গেমে মালদিনি ও তাঁর সঙ্গীর পরাজয়ে। শক্তিশালী কিছু ফোরহ্যান্ড করতে পারলেও ব্যাকহ্যান্ডে ভালো কিছু করতে পারেননি। আর সার্ভেও মালদিনিকে মনে হয়েছে নবিস।
ডেভিড পেল ও টমাজ বেডনারেক জুটি হারিয়েছেন মালদিনি ও তাঁর সঙ্গীকে। র্যাঙ্কিংয়ে ২০৮তম অবস্থান ডাচম্যান পেলের। আর বেডনারেক ২০১৪ সালে ছিলেন তাঁর ক্যারিয়ার সেরা ৪৪তম অবস্থানে। গত ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল খেলা এই জুটির তুলনায় ফেদেরার-লান্ডোনিও আসলে এক ‘শৌখিন’ জুটি। ২০০৯ সালে ফুটবলকে বিদায় জানানোর পর যাঁর হাত ধরে টেনিসে আসা, সেই লান্ডোনিও তাঁর ক্যারিয়ার সেরা ৯৭৫তম অবস্থানে ছিলেন ১৯৯৬ সালে। ওয়াইল্ড কার্ডই আসপ্রিয়া কাপে খেলার সুযোগ করে দিয়েছিল মালদিনি ও তাঁর সঙ্গীকে। কিন্তু প্রথম ম্যাচের অভিজ্ঞতাটা এমনই হলো যে এক ম্যাচেই ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন মালদিনি! ম্যাচ শেষে বলেছেন সেটিই, ‘এটা অসাধারণ এক অভিজ্ঞতা ছিল। আমি সত্যিই উপভোগ করেছি। কিন্তু আমি আর খেলছি না।’ এএফপি।