এখনো নাদালে আস্থা ফেদেরারের
২৪ মে শুরু এবারের ফ্রেঞ্চ ওপেনের সম্ভাব্য চ্যাম্পিয়ন কে? প্রশ্নটা যদি করা হয় রজার ফেদেরারকে, উত্তর দিতে এক সেকেন্ডও সময় নেবেন না। সবচেয়ে বেশি ১৭টি গ্র্যান্ড স্লামের মালিকের সাজানো উত্তর—রাফায়েল নাদাল।
ক্লে-কোর্টের একটি টুর্নামেন্ট খেলার জন্য ফেদেরার এখন ইস্তাম্বুলে। কোর্টে নামার আগে মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের। সেখানেই প্রশ্নটার উত্তর ফেদেরার দিলেন এভাবে, ‘ফ্রেঞ্চ ওপেনে রাফা এখনো আমার ফেবারিট। ভালো ফর্মে থাকা জোকোভিচও আছে। রাফার ফর্মটা আগের কয়েক বছরের মতো ভালো না গেলেও ফ্রেঞ্চ ওপেন একবার শুরু হয়ে গেলে তাকে হারানো কঠিন হবে।’
২০০৫ সালে শিরোপা দিয়ে লাল দুর্গে শুরু নাদালের। মাঝে একবার ২০০৯ সালের টুর্নামেন্টটি বাদ দিয়ে প্রতিবারই শিরোপা জিতেছেন নাদাল। নয়বার জিতে টুর্নামেন্টটিকে একরকম নিজের সম্পত্তিই করে ফেলেছেন। তাঁর জয়রথের চাকায় কাটা পড়েছে অন্য প্রতিযোগীদের স্বপ্ন। শুধু ফেদেরারই ফ্রেঞ্চ ওপেনে পাঁচ সাক্ষাতের পাঁচবারই হেরেছেন নাদালের কাছে। এমনিতেই কি আর টেনিসে জোকোভিচ শাসনামলেও ফ্রেঞ্চ ওপেনে নাদালকেই ফেবারিট বলছেন ফেদেরার! এএফপি।