এখনো ক্ষুধার্ত সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিয়া শারাপোভাকে হারিয়ে পরশু ট্রফি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। কালও সেই মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের রানি ট্রফি হাতে দাঁড়ালেন, তবে কোর্টের বাইরে   l রয়টার্স
মারিয়া শারাপোভাকে হারিয়ে পরশু ট্রফি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। কালও সেই মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের রানি ট্রফি হাতে দাঁড়ালেন, তবে কোর্টের বাইরে l রয়টার্স

এই বয়সে স্টেফি গ্রাফ র‌্যাকেট তুলে রেখে ঘরকন্না শুরু করে দিয়েছিলেন। ৩৩ বছর বয়সে তো টেনিসকেই বিদায় বলে দেওয়ার কথা। অথচ সেরেনা উইলিয়ামসের ক্যারিয়ারে এখন প্রদীপ্ত যৌবন, বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ছুটে চলছেন দুর্বার। কিন্তু একসময় না একসময় থামতে তো হবেই, সেটা কখন আসবে? এ মুহূর্তে অন্তত সে রকম কোনো সম্ভাবনা দেখছেন না ১৯ বারের এই গ্র্যান্ড স্লামজয়ী।
অথচ চার বছর আগে আরেকটু হলেই প্রাণসংশয় হতে যাচ্ছিল। অসুস্থ ছিলেন অনেক দিন, ফুসফুসে জমাট বেঁধে ছিল রক্ত। কোর্টে ফেরা দূরে থাক, কবে সুস্থ-স্বাভাবিক ফিরতে পারবেন সেটাই ছিল অনিশ্চিত। সেখান থেকে এই যে দুর্দান্তভাবে ফিরে এলেন, সেই কৃতিত্বের পুরোটাই দিচ্ছেন চিকিৎসাব্যবস্থাকে। এখন তো থামার কোনো লক্ষণই দেখছেন না, ‘আমি যতক্ষণ ইচ্ছা খেলতে পারি এখন। আধুনিক প্রযুক্তির কল্যাণে খেলোয়াড়েরা অনেক দিনই খেলা চালিয়ে যেতে পারে। এটা নির্ভর করে আমি কতক্ষণ চালিয়ে যেতে চাই সেটার ওপর। আমি আসলেই জানতাম না (কবে ফিরব)। আমি খুবই উপভোগ করছি এই সময়টা, আমি চ্যাম্পিয়ন হতে পছন্দ করি, আমি সপ্তাহ শেষে ট্রফি উঁচিয়ে ধরতে পছন্দ করি। যখন এটা থেমে যাবে, তখনই হয়তো সময় হয়ে যাবে।’
মৌসুমের প্রথম গ্র্যান্ড স্লামটা জিতেছেন। বাকি বছরের জন্য আত্মবিশ্বাসের রসদটা পেয়ে গেছেন সেরেনা, ‘আমি রোলাঁ গারোতে জিততে চাই। উইম্বলডনেও জিততে চাই, অনেক দিন থেকেই এটা ফাঁকি দিয়ে যাচ্ছে। আর ইউএস ওপেন? সেটা নিয়ে কথা না হয় না-ই বলি!’ গত বছর ইউএস ওপেন জিতেছেন, এ বছর তো এটা ধরে রাখতে চাইবেনই!
স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্লামের রেকর্ড হাতছানি দিচ্ছে। সেরেনা বিভোর সেই স্বপ্নে, ‘২২-এ পৌঁছাতে পারলে তো দারুণ হয়। ১৯-এ আসতেও কম কষ্ট হয়নি আমার। ৩৩ বছর বয়সে এখানে আসতে পেরেছি। তবে আগে আমাকে ২০-এ পৌঁছাতে হবে, তারপর ২১-এ। অনেক প্রতিভাবান খেলোয়াড় আসছে, কাজটা কঠিনই হবে।’ এএফপি।