এগিয়ে যাবেন কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ দুটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে রজার ফেদেরার ও শিরোপার মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন নোভাক জোকোভিচ। তবে এবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নয়, বর্তমান ও সাবেক এক নম্বরের স্বপ্নের দ্বৈরথটা হয়ে যাচ্ছে সেমিফাইনালেই। আগামীকাল সেই সেমিফাইনাল। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরারের মুখোমুখি শীর্ষ বাছাই জোকোভিচ।
সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই লড়াইয়ে এগিয়ে জোকোভিচই। স্বপ্নের মতোই গত বছরটি কাটিয়েছেন তিনি। জিতেছেন চারটি গ্র্যান্ড স্লামের তিনটিই। ক্যারিয়ার শুরুর প্রথম ভাগে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকলেও এখন জয়-পরাজয়ে দুজনেরই অবস্থান একই বিন্দুতে—দুজনেরই ২২টি জয় ২২টি পরাজয়।
কিন্তু ফেদেরার নিজেকে নিয়ে এখন আরও প্রত্যয়ী। গত বছরই জোকোভিচের কাছে পাঁচবার হারলেও তাঁকে হারিয়েছেন তিনবার। সর্বশেষ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসেও বিজয়ীর নাম ফেদেরারই। তাই গতকাল কোয়ার্টার ফাইনালে ৬-৩, ৬-২, ৬-৪ গেমে জয়ের পর সেমির প্রতিপক্ষ নিয়ে যথার্থই বললেন, ‘ফেদেরারের সঙ্গে খেলাটাই একটা বড় চ্যালেঞ্জ। তাঁর যা অর্জন এবং খেলাটার জন্য তিনি যা করেছেন, সেটা বোঝাতে শব্দ খরচের দরকার নেই। গ্রেট চ্যাম্পিয়ন তিনি। তাঁর প্রতি অনেক শ্রদ্ধা আমার। ভালো একটা ম্যাচই উপহার দিতে যাচ্ছি আমরা।’
সর্বশেষ ১৩ বছরে অস্ট্রেলিয়ান ওপেনে এটি হবে ফেদেরারের ১২তম সেমিফাইনাল। কোয়ার্টার ফাইনালে তিনি টমাস বার্ডিচকে হারিয়েছেন ৭-৬ (৭/৪), ৬-২, ৬-৪ গেমে। ২০১২ সালের পর কোনো গ্র্যান্ড স্লাম না জিতলেও সর্বশেষ উইম্বলডন এবং ইউএস ওপেনের ফাইনালে ওঠা ফেদেরার আত্মবিশ্বাসী, ক্যারিয়ারের পঞ্চম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাটি এবার জেতা সম্ভব। ‘আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। আমি যে এখনো খেলা চালিয়ে যাচ্ছি, এটাও তার একটা কারণ। আমি বিশ্বাস করি, টেনিসের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থা আমার আছে। তরুণ খেলোয়াড়দের সবাইকেই হারানোর ক্ষমতা আমার আছে’—গতকাল শেষ আটে জয়ের পর প্রত্যয়ী ফেদেরার।
পুরুষ বিভাগে আজ দুটি কোয়ার্টার ফাইনাল। অ্যান্ডি মারে খেলবেন ডেভিড ফেরারের বিপক্ষে, মিলোস রাওনিচের প্রতিপক্ষ গায়েল মনফিলস। এএফপি।