এবার গেলেন কেভিতোভা

মেয়েদের বিভাগে শীর্ষ দশ বাছাইয়ের দুজন বিদায় নিয়েছেন আগের দিনই। দ্বিতীয় বাছাই সিমোনা হালেপ এবং অষ্টম বাছাই ভেনাস উইলিয়ামসের পর কাল অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে পড়লেন পেত্রা কেভিতোভাও। ষষ্ঠ বাছাই চেক এই প্রতিযোগীকে হারিয়েছেন অস্ট্রেলিয়ার দারিয়া গাভ্রিলোভা, ৬-৪, ৬-৪ গেমে।
গাভ্রিলোভার জন্ম রাশিয়ায়। গত ডিসেম্বরের আগ পর্যন্ত টেনিস সার্কিটে রাশিয়ারই প্রতিনিধিত্ব করেছেন। মায়ামি ওপেনে মারিয়া শারাপোভাকে হারিয়ে ‘দৈত্য-হন্তারক’ পরিচিতি পেয়েছিলেন। তার সেই রূপটিকেই এবার অস্ট্রেলিয়ান ওপেনে মেলে ধরলেন অস্ট্রেলিয়ার হয়ে। বিশ্বাসই করতে পারছিলেন না গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের মঞ্চে দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন কেভিতোভাকে হারিয়ে দিয়েছেন তিনি। ‘এটা ছিল অবিশ্বাস্য। শেষ দিকে একটু নার্ভাসই হয়ে পড়েছিলাম। আমি সত্যিই গর্বিত। আমি সত্যিই খুব খুশি’—জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ৩৯তম র্যাঙ্কধারী গাভ্রিলোভার।
কেভিতোভাকে বাদ দিলে পুরুষ ও মেয়ে দুই বিভাগেই শীর্ষ তারকারা কাল জয় পেয়েছেন। তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ, রজার ফেদেরার, কেই নিশিকোরি, টমাস বার্ডিচরা। মেয়েদের মধ্যে জয়রথ ছুটিয়েছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা আগ্নিয়েস্কা রাদভানস্কা, রবার্তা ভিঞ্চি। এএফপি।