এবার পারবেন শারাপোভা?

লড়াইটা প্রত্যাশিত ছিল আসলে ফাইনালে। কিন্তু উইম্বলডনের ড্রটাই এবার নিশ্চিত করে দেয় সবকিছু ঠিকঠাক চললে সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভার দেখা হবে সেমিফাইনালেই। হলোও তাই। আজই উইম্বলডনের সেন্টার কোর্টে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছেন মেয়েদের টেনিসের দুই বড় নাম।
নাম দুটি বড়। কিন্তু মুখোমুখি লড়াইয়ের হিসাবে কিংবা সাম্প্রতিক ফর্মের বিচারে যোজন যোজন এগিয়ে সেরেনা। ২০১৫ সালে ৩৮ ম্যাচ খেলে মাত্র একবারই হেরেছেন উইলিয়ামসদের ছোট বোন। পরশু কোয়ার্টার ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে গ্র্যান্ড স্লামে টানা ২৬তম জয়ও পেয়েছেন সেরেনা। আর শারাপোভার বিপক্ষে তো টানা ১৬ জয়ের সুখস্মৃতি নিয়েই নামবেন ২০টি গ্র্যান্ড স্লামের মালিক। ১৯ ম্যাচে শারাপোভার কাছে মাত্র দুবার হেরেছেন সেরেনা। যার সর্বশেষটি আবার ১১ বছর আগে।
ওই হিসাব মাথায় রেখেই কিনা এবারও চিরপ্রতিদ্বন্দ্বী শারাপোভাকে প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রাখলেন সেরেনা, ‘আমার শারাপোভার সঙ্গে খেলতে ভালো লাগে। সে আমার সেরাটা বের করে আনে।’
বছরের শুরুতে মেলবোর্নেও ফাইনালটা জেতার আগে জিতেছিলেন ইউএস ওপেন। এরপর জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। তাই সেরেনা এখন ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টানা চারটি গ্র্যান্ড স্লাম জয় থেকে মাত্র দুই ধাপ দূরে দাঁড়িয়ে।
২০০৪ সালে ফাইনালে সেরেনাকে হারিয়েই উইম্বলডন জেতা শারাপোভা চার বছর পর সেমিফাইনালে উঠলেন বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে। সেরেনার বিপক্ষে রেকর্ডটা যে ভালো নয়, সেটা মনে রেখেই রুশকন্যা এবার ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন, ‘তাঁর বিপক্ষে আমার তেমন সাফল্য নেই। আমি এবার ব্যাপারটা বদলাতে চাই।’
সেরেনা-শারাপোভার লড়াইয়ের ছায়ায় ঢাকা পড়ে গেছে আজই অনুষ্ঠেয় আগ্নিয়েস্কা রাদভানস্কা ও গারবিন মুগুরুজার অন্য সেমিফাইনালটা।
এদিকে কাল পুরুষ বিভাগে ফ্রান্সের জাইলস সিমোনকে ৬-৩, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন সাতবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। আগামীকাল সেমিফাইনালে সুইস মহাতারকা মুখোমুখি হবেন অ্যান্ডি মারের। মারে কাল কোয়ার্টার ফাইনালে সরাসরি সেটে হারিয়েছেন কানাডার ভাসেক পসপিসিলকে। সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচও। এএফপি।