এবার ম্যাকেনরো বনাম জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন ম্যাকেনরো
জন ম্যাকেনরো

টাইগার উডসের সঙ্গে নোভাক জোকোভিচের কোনো মিল খুঁজে পান? নিজ নিজ খেলায় দুজনেই কীর্তিমান—মিল বলতে এই একটাই। এর বাইরে দুজনকে মেলানো খুব কঠিন! কিন্তু দুজনকে এক করতে সাতপাঁচ ভাবতে বয়েই গেছে জন ম্যাকেনরোর। সার্বিয়ান তারকার সাম্প্রতিক বাজে ফর্মের দিকে তাকিয়ে তাঁকে তুলনা করলেন ‘নন্দিত থেকে নিন্দিত’ গলফার টাইগার উডসের সঙ্গে!

চারিত্রিক স্খলন ও পারিবারিক অশান্তিই পতন ডেকে আনে টাইগার উডসের। তাঁর বহু নারী সংসর্গের খবরটা ফাঁস হয়ে যাওয়ার পর ছাড়াছাড়ি হয়ে যায় স্ত্রী এলিন নরডেগ্রেনের সঙ্গে। এরপর গলফ কোর্সে উডস হারিয়ে খুঁজে বেড়ান নিজেকে! ১৪টি মেজরজয়ী আমেরিকান গলফারকে তাঁর আগের ফর্মে আর কখনোই দেখা যায়নি। ১২টি গ্র্যান্ড স্লামজয়ীর সাম্প্রতিক পারফরম্যান্সে তাঁর মধ্যে উডসেরই ছায়া দেখছেন টেনিসে একসময়ের ‘ব্যাডবয়’খ্যাত আমেরিকান, ‘টেনিসের বাইরে পারিবারিক বিষয় যোগ হলে সেটা আপনাকে দূরে ঠেলে দেবে। আর সেটি হলে, আপনি খেলোয়াড় হিসেবে আগের মতো থাকবেন না। নোভাককে দেখে টেনিস খেলোয়াড় মনে হচ্ছে না, যার কথা মনে হচ্ছে তিনি অন্য কেউ, একজন গলফার: টাইগার উডস।’ এখানেই থেমে থাকেননি ম্যাকেনরো, মঙ্গলবার বিবিসির ‘টু ডে অ্যাট উইম্বলডন’ অনুষ্ঠানে জোকোভিচের পারিবারিক অশান্তির দিকেও আঙুল তুলেছেন, ‘স্ত্রীর সঙ্গে তার (উডসের) সমস্যা ছিল। এটি তাকে পুরোপুরি কক্ষচ্যুত করে দেয়। তারপর সে তার সেরা ফর্মের ধারেকাছেও আর আসতে পারেনি। কাজেই আমরা তো এখন বলতে শুরু করব...একটা মিনিট অপেক্ষা করুন...তারও (জোকোভিচ) কি একই সমস্যা?’

উডসের মতো সমস্যা জোকোভিচের আছে বলে কখনো শোনা যায়নি। ২০১৪ সালে প্রেমিকা ইয়েলেনা রিস্টিচের সঙ্গে বিয়ে হওয়ার পর প্রথম সন্তানের বাবা হয়েছেন জোকোভিচ। কখনো দাম্পত্য কলহেরও ইঙ্গিত পর্যন্ত পাওয়া যায়নি। জোকোভিচ দম্পতি এখন দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন।

নোভাক জোকোভিচ
নোভাক জোকোভিচ

জোকোভিচের দাম্পত্য কলহ নিয়ে জন ম্যাকেনরোর প্রশ্ন তোলার অর্থ, তাঁকে ব্যক্তিগত আক্রমণ! আর এই কাজটি অবলীলায় করতে পারেন ম্যাকেনরো। কিছুদিন আগেই সেরেনাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে মিডিয়ার খোরাক হয়েছেন। আমেরিকান এক রেডিওর অনুষ্ঠানে সেরেনাকে ‘সর্বকালের সেরা নারী খেলোয়াড়’ বললেও খোঁচা মারেন এই বলে, ‘সেরেনা যদি পুরুষদের সঙ্গে খেলত, তাহলে বিষয়টি অন্য রকম হতো। সে ক্ষেত্রে সেরেনা হয়তো ৭০০তম স্থানে থাকত।’

এমন মন্তব্য শুনে চুপ থাকেননি সেরেনা। জবাবে বলেছিলেন, ‘প্রিয় জন, আমি আপনার প্রশংসা করি এবং আপনাকে শ্রদ্ধাও করি। কিন্তু দয়া করে আমাকে আপনার এসব কথার বাইরে রাখুন। এসব কথা বাস্তবতাবিবর্জিত।’

তবে ম্যাকেনরো যে টাইগার উডসের সঙ্গে তাঁর তুলনা করেছেন, এটিকে গায়ে না মেখে জোকোভিচ বরং আশ্চর্যরকম সংযমী ম্যাকেনরোর প্রতি শ্রদ্ধাশীল, ‘সাহসী মন্তব্যের জন্য তিনি খুব পরিচিত। মনে যা আসে তাই বলে ফেলেন, যদিও সেটির ভিত্তি আছে কি না, সেটি খুব একটা বাছবিচার করে দেখেন না। তাঁর কোনো কথাই আমি ব্যক্তিগতভাবে নিইনি। জনের সঙ্গে বরাবরই আমার সম্পর্ক ভালো। আমি মনে করি, তাঁর মতামতই বলুন, সমালোচনা কিংবা অন্য কিছু, তিনি যা বলেছেন সেটাকে আমি শ্রদ্ধা করি।’

তা করুন, কিন্তু ম্যাকেনরো জোকোভিচের ‘পারিবারিক অশান্তির’ যে প্রশ্নটি তুলে দিয়ে গেলেন সেটি কি খুবই অবাস্তব? গত বছর এই উইম্বলডনেই তৃতীয় রাউন্ডে আমেরিকান স্যাম কোয়েরির কাছে অপ্রত্যাশিতভাবে হারের পর ব্যক্তিগত কিছু সমস্যার কথা বলেছিলেন। সেটি কী, তা অবশ্য কখনোই খুলে বলেননি সার্বিয়ান তারকা। কোর্টে ভালো করতে না পারলে ওই ‘সমস্যায়’ সমালোচকদের কল্পনার রঙের ছোপ তো পড়বেই। এএফপি, বিবিসি।