এবার লড়াই ফাইনালে ওঠার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডমিনিকা সিবুলকোভাকে হারিয়ে মাত্রই নিশ্চিত হলো পাঁচ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ওঠা। সেরেনা উইলিয়ামসের এমন উচ্ছ্বাসের কারণটা বোঝাই যায়। কাল মেলবোর্নে l এএফপি
ডমিনিকা সিবুলকোভাকে হারিয়ে মাত্রই নিশ্চিত হলো পাঁচ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ওঠা। সেরেনা উইলিয়ামসের এমন উচ্ছ্বাসের কারণটা বোঝাই যায়। কাল মেলবোর্নে l এএফপি

রুশ-মার্কিন লড়াইটা তাহলে এড়ানো যাচ্ছে না!
লড়াইয়ের দিন-তারিখ-স্থান ঠিক। বাকি শুধু দুই দলের হয়ে কারা লড়বেন সেটা জানা। শনিবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় কে কে দ্বন্দ্বযুদ্ধে নামছেন সেটা জানতে অবশ্য বেশি অপেক্ষা করতে হচ্ছে না। আজই জানা যাবে সেমিফাইনাল পেরিয়ে কারা উঠবেন অস্ট্রেলিয়ান ওপেনের মেয়েদের এককের ফাইনালে।
বছরের প্রথম গ্র্যান্ড স্লামের মেয়েদের সেমিফাইনালে একটিতে মুখোমুখি দুই রুশ খেলোয়াড় মারিয়া শারাপোভা ও একাতেরিনা মাকারোভা। পরশু কোয়ার্টার ফাইনাল পেরিয়েই ব্যাপারটা নিশ্চিত করেছিলেন তাঁরা। কাল নিশ্চিত হলো সেরেনা উইলিয়ামস ও ম্যাডিসন কিসের ‘যুক্তরাষ্ট্রীয়’ সেমিফাইনাল। শেষ চারের এই লড়াইটা হতে পারত উইলিয়ামসদের পারিবারিক ব্যাপারও। কিন্তু ১৯ বছর বয়সী কিস থামিয়ে দিয়েছেন বড় বোন ভেনাস উইলিয়ামসকে। কাল মেয়েদের শেষ কোয়ার্টার ফাইনালে কিস জিতেছেন ৬-৩, ৪-৬, ৬-৪ গেমে। এর আগে অসুস্থ শরীর নিয়েও সেরেনা বিদায় করে দিয়েছেন গতবারের রানারআপ ডমিনিকা সিবুলকোভাকে। সর্দি-কাশিতে আক্রান্ত সেরেনার কাছে স্লোভাক ‘পকেট রকেট’ হেরেছেন ২-৬, ২-৬ গেমে।
ঠিক হয়ে গেছে ছেলেদের সেমিফাইনাল লাইনআপও। আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি অ্যান্ডি মারে ও টমাস বার্ডিচ। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও বর্তমান চ্যাম্পিয়ন স্তানিসলাস ভাভরিঙ্কা। ২০১৩ সালে চতুর্থ রাউন্ডে, ২০১৪ সালে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার পর এবার মেলবোর্ন পার্কে সেমিফাইনালে মুখোমুখি ‘দ্য জোকার’ ও ‘দ্য ম্যান’। গত দুবার এই দুজনের লড়াইয়ের বিজয়ীই শেষ পর্যন্ত হাতে তুলেছেন শিরোপা।
উন্মুক্ত যুগে আন্দ্রে আগাসির পর দ্বিতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে পঞ্চম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের অভিযানে নামা জোকোভিচ কাল কোয়ার্টার ফাইনালে ৭-৬ (৭/৫), ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন কানাডার মিলোস রাওনিচকে। এর আগে রড লেভার অ্যারেনাতেই এশিয়ার আশা-ভরসা কেই নিশিকোরিকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৮/৬) গেমে হারিয়েছেন সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা।
গত দুবারই পাঁচ সেটের লড়াই হয়েছে জোকোভিচ ও ভাভরিঙ্কার মধ্যে। হবে কি এবারও? জোকোভিচ সে রকমই মনে করেন, ‘অবশ্যই গত দুবারের মতো ম্যারাথন আশা করছি। আমি নিশ্চিত আমরা দুজনই সর্বোত্তম চেষ্টা করব সেরা টেনিস খেলতে। আমরা সব সময়ই একে অন্যের সেরাটা বের করে আনি।’

২০১৩ সালে চতুর্থ রাউন্ডে পঞ্চম সেটটা ১২-১০ গেমে জিতেছিলেন জোকোভিচ। গতবার শেষ আটে পঞ্চম সেটটা ৯-৭ গেমে জেতেন ভাভরিঙ্কা। জোকোভিচের মতো এবারও মহাকাব্যিক লড়াই আশা করছেন ভাভরিঙ্কা, ‘আপনি যখন নোভাকের সঙ্গে গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলবেন, আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে।’

মেয়েদের বিভাগে ২০১০ সালের পর এবারই প্রথম শেষ চারে উঠলেন সেরেনা। তাঁর সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জয়ও ওই বছর। এএফপি, রয়টার্স।

সেমিফাইনালে কে কার মুখোমুখি

মেয়েদেরএকক

মারিয়া শারাপোভা

একাতেরিনা মাকারোভা

সেরেনা উইলিয়ামস

ম্যাডিসন কিস

পুরুষএকক

অ্যান্ডি মারে

টমাস বার্ডিচ

স্ট্যান ভাভরিঙ্কা

নোভাক জোকোভিচ