এবার শারাপোভার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোর্ট ছেড়ে যাওয়ার আগে দর্শকদের উদ্দেশে হাত তুললেন মারিয়া শারাপোভা। ইউএস ওপেনে পরশু ওজনিয়াকির কাছে পরাজয়ের পর l এএফপি
কোর্ট ছেড়ে যাওয়ার আগে দর্শকদের উদ্দেশে হাত তুললেন মারিয়া শারাপোভা। ইউএস ওপেনে পরশু ওজনিয়াকির কাছে পরাজয়ের পর l এএফপি

একে একে নিভিছে দেউটি। ইউএস ওপেনের মহিলা বিভাগে তারকা পতনের মিছিলে এবার নাম লেখালেন দুই সাবেক এক নম্বর মারিয়া শারাপোভা ও ইয়েলেনা ইয়াঙ্কোভিচ। সার্বিয়ান ইয়াঙ্কোভিচ হেরেছেন অবাছাই সুইস সপ্তদশী বেলিন্ডা বেনচিচের কাছে। এই অঘটনের সঙ্গে অবশ্য শারাপোভার পরাজয়কে মেলানো যায় না। তিনি হেরেছেন আরেক সাবেক এক নম্বর, দশম বাছাই ক্যারোলিন ওজনিয়াকির কাছে। পরশু চতুর্থ রাউন্ডের খেলা শেষে শীর্ষ দশ বাছাই নারী প্রতিযোগীর মধ্যে ওজনিয়াকিই শেষ আটে জায়গা করে নিতে পেরেছেন। কাল শেষ আটে উঠেছেন শীর্ষ বাছাই সেরেনা উইিলয়ামস। এই রিপোর্ট লেখা পর্যন্ত এই সম্ভাবনা টিকিয়ে রেখেছেন আর একজন—সপ্তম বাছাই কানাডিয়ান ইউজিনি বুশার।
র‌্যাঙ্কিং, পারফরম্যান্স এবং মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান—কোর্টে নামার আগে সবকিছুতেই এগিয়েছিলেন মারিয়া শারাপোভা। কিন্তু এদিন সেরা ছন্দে দেখা যায়নি ২০০৬ সালের চ্যাম্পিয়নকে। ‘আনফোর্সড এরর’ করেছেন ৪৩টি, ডাবল ফল্ট ৮। ফলে তিন বছরের মধ্যে ওজনিয়াকির কাছে শারাপোভার প্রথম পরাজয় (৬-৪, ২-৬, ৬-২)। পরশুর আগে সাতবার মুখোমুখি হয়েছিলেন তাঁরা। যার পাঁচটিতেই জিতেছিলেন রুশ টেনিস তারকা। এই জয় তাই ওজনিয়াকির কাছে বিশেষ কিছু, ‘আমার কাছে এই জয় বিরাট ব্যাপার। এই মৌসুমটা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে আমার। আজকের (পরশুর) এই জয় সেটিও আবার মারিয়ার মতো চ্যাম্পিয়নের বিপক্ষে, অবিশ্বাস্য অনুভূতির।’ গত মে মাসে গলফার ররি ম্যাকইলরয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর এটিই ওজনিয়াকির বড় জয়। আর ফ্লাশিং মিডোয় দুই বছরের মধ্যে প্রথম শেষ আটে ওঠা। পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ সারা ইরানি।
একদিকে তারকা পতনের মিছিল, অন্যদিকে নতুনের জয়জয়কার। মার্টিনা হিঙ্গিসকে মনে করিয়ে দিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন বেলিন্ডা বেনচিচ। ১৩তম বাছাই লুসি সাফারোভাকে হারিয়ে শেষ আটে উঠেছেন আরেক অবাছাই চীনের পেং শুয়াই।
ইয়াঙ্কোভিচকে ৭-৬ (৮/৬), ৬-৩ গেমে হারিয়ে ১৯৯৭ সালে মার্টিনা হিঙ্গিসের পর সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে ইউএস ওপেনের শেষ আটে জায়গা করে নিয়েছেন বেনচিচ। কাকতালীয় যে মার্টিনা হিঙ্গিসই তাঁর কোচ। পরশু গ্যালারিতে বসে খেলা দেখেছেন হিঙ্গিস, উৎসাহ দিয়ে গেছেন শিষ্যাকে। গ্র্যার‌্যান্ড স্লামের প্রথম শেষ আটে বেনচিচের পতিপক্ষ পেং শুয়াই। আগে পাঁচবার গ্র্যার‌্যান্ড স্লামের চতুর্থ রাউন্ডে খেলা পেংয়েরও এটিই প্রথম কোয়ার্টার ফাইনাল।
পুরুষ বিভাগে জয়ের ধারা ধরে রেখেছেন রজার ফেদেরার। বৃষ্টিবিঘ্নিত দিনে পরশু তৃতীয় রাউন্ডে দ্বিতীয় বাছাই ফেদেরার প্রথম সেটে পিছিয়ে পড়লেও পরের তিন সেটে দাঁড়াতেই দেননি স্পেনের মার্সেল গ্রানোলার্সকে, জিতেছেন ৪-৬, ৬-১, ৬-১, ৬-১ গেমে। গ্রিগর দিমিত্রভ, টমাস বার্ডিচ, গায়েল মনফিলসরাও চতুর্থ রাউন্ডে উঠেছেন এদিন। কাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। এএফপি।