এভাবেও ফিরে আসা যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরে আসার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন তারা মুর। ছবি: টুইটার
ফিরে আসার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন তারা মুর। ছবি: টুইটার

খেলাধুলায় পিছিয়ে পড়ে ফিরে আসার উদাহরণ আছে ভূরি ভূরি। অন্যান্য খেলার তুলনায় টেনিসে ‘কামব্যাক’ করা একটু কঠিন। তবে টেনিস কোর্টে ঘুরে দাঁড়ানোর তালিকা করলে তর্কাতীতভাবে শীর্ষে থাকবে ১৯৮৪ রোলাঁ গ্যারোঁ ফাইনাল। ইভান লেন্ডল আর জন ম্যাকেনরোর ফাইনালে সেই অসাধারণ কামব্যাক কোনো বিশেষণেই বিশেষায়িত করা যায় না। কিন্তু কাল তারা মুর আর জেসিকা পঞ্চেতের ম্যাচ যেন সবাইকে ছাড়িয়ে গেল!

পেশাদার টেনিসে নয় বছর হয়েছে পা রেখেছেন মুর। কিন্তু তাঁর সর্বোচ্চ দৌড় গ্র্যান্ড স্লামের দ্বিতীয় রাউন্ড। নামের পাশে নেই কোনো ডব্লিওটিএ শিরোপাও। নয়টি আইটিএফ শিরোপাজয়ী মুর গতকাল নেমেছিলেন জেসিকা পঞ্চেতের বিপক্ষে। অন্যদিকে, ২২ বছর বয়সী পঞ্চেতও যে খুব একটা নামী খেলোয়াড়, তাও নন। তবে খুব একটা পিছিয়েও ছিলেন না এই ফ্রেঞ্চ নারী। ম্যাচে প্রভাব বিস্তার করে ছিলেন পঞ্চেতই। প্রথম সেটে সরাসরি ৬-০ গেমে হেরে বসেন মুর। টেনিসের ভাষায় যাকে বলে ‘বেগেল’! পরের সেটেও ‘বেগেল’ হজম করার পথে ছিলেন মুর। ০-৫ গেমে পিছিয়ে থাকা মুরের হার যেন ছিল স্রেফ সময়ের ব্যাপার। জয় আর পঞ্চেতের মধ্যে ব্যবধান ছিল শুধু ‘ম্যাচ পয়েন্ট’।

কিন্তু বিধাতা ম্যাচের ভাগ্য লিখে রেখেছিলেন অন্যভাবে। ৩০-৪০ পয়েন্টে পিছিয়ে থাকা মুরের ভাগ্যে সম্ভবত হার লেখা ছিল না। সে কারণে নেটে লেগে বল ‘ল্যান্ড’ করে লাইনে। সেখান থেকে ম্যাচ ‘ডিউস’ করলেন মুর। বাকিটুকু শুধুই ফিরে আসার গল্প। ‘ম্যাচ পয়েন্ট’ মিস করা পঞ্চেত সেই যে পিছিয়ে পড়লেন, আর ফিরতে পারলেন না। টাইব্রেকে গড়ানো দ্বিতীয় সেট মুর জিতেছেন ৯-৭ পয়েন্টে। দ্বিতীয় সেট জেতার পর তৃতীয় সেটে তেমন কোনো কষ্টই করতে হয়নি মুরকে। তৃতীয় সেট জিতেছেন ৬-৩ গেমে। সব মিলিয়ে ম্যাচ শেষ হয় ০-৫, ৭-৬ (৯-৭), ৬-৩ গেমে।

এভাবে ফিরে আসার পরও সোশ্যাল মিডিয়ায় একে কামব্যাক বলতে রাজি নন তারা মুর। নিজের ‘ম্যাচ পয়েন্ট’ বাঁচানোর ভিডিও দিয়ে মুর টুইট করেছেন, ‘কখনোই সংশয়ে ছিলাম না।’ এভাবে ফিরে আসা ২৬ বছর বয়সী হংকং-বংশোদ্ভূত মুরের জন্য হতে পারে অনুপ্রেরণা। তিন বছর আগে উইম্বলডনে সুযোগ পাওয়া মুরের ক্যারিয়ারে পতনই চলছে। দুই বছর আগেও র‍্যাঙ্কিংয়ে সেরা ২০০–তে থাকা মুর এখন ৪৭০-এ। এই কামব্যাক দিয়ে যদি তাঁর ক্যারিয়ারে আরেকটি কামব্যাক ঘটে!