ঐতিহাসিক জয় থেকে এক ধাপ দূরে সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সেরেনাকে রুখবে কে? ছবি: এএফপি
এই সেরেনাকে রুখবে কে? ছবি: এএফপি

১৯৯৯ সালে স্টেফি গ্রাফ যখন অবসর নিলেন, সেরেনা উইলিয়ামসের নামের পাশে মাত্র একটা গ্র্যান্ড স্লাম শিরোপা। কেউ কি তখন ভেবেছিল, মেয়েদের টেনিসে নিজের রেকর্ডটা যে অবিস্মরণীয় উচ্চতায় নিয়ে গেছেন গ্রাফ, সেই রেখা বেয়ে ​আবার কেউ একদিন উঠে আসতে পারবে? পারবে! পারছেন একজন। ৩৪ বছর বয়সে, মেয়েদের টেনিস এর অনেক আগেই যেখানে ফুরিয়ে যায় বাকিরা, সেরেনা যেন নতুন তারুণ্য ফিরে পেয়েছেন। তাঁকে আটকানোর কেউ নেই। এমনকি গ্রাফের সেই এক সময়ের ‘অনতিক্রম্য’ ইতিহাসও!
আজ সেরেনার সামনে বাধা হওয়ার চেষ্টা করেছিলেন আগ্নিয়েস্কা রাদভানেস্কা। সেই বাধা খড়কুটোর মতো উড়ে গেল। মাত্র ৬৪ মিনিট স্থায়ী ম্যাচটা সেরেনা জিতলেন ৬-০, ৬-৪ গেমে। উঠে গেলেন ফাইনালে। আর একটি জয় পেলেই এটি হবে সেরেনার ২২তম গ্র্যান্ড স্লাম শিরোপা। ওপেন যুগে মেয়েদের টেনিসে ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন কেবল গ্রাফই।
গত বছর চার গ্র্যান্ড স্লামের তিনটিই জিতেছেন। সেরেনার সামনে দাঁড়াতে পারছে না কেউই। শনিবারের ফাইনালে কি পারবেন অ্যাঞ্জেলিক কারবার? কারবার নিজেও ‘বুড়ো’ বয়সে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে এলেন এই জার্মান, যাঁর প্রেরণা খোদ গ্রাফই। আজ অন্য সেমিফাইনালে ব্রিটেনের জোহানা কোন্টাকে ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন কারবার।
আজ জেতার পর সেরেনা যা বলেছেন, তাতে কারবার আশা ছেড়ে দিতেই পারেন। প্রত্যয়ী সেরেনা বলেছেন, ‘আরও একটি ফাইনালে উঠে আসতে পেরে আমি রোমাঞ্চিত, এটা আমার ভাবনাকে আলোড়িত করছে। মনে হচ্ছে নিজের সেরাটাই খেলছি, অবশ্য বিশ্বাস হচ্ছে না ফাইনালে উঠে গেছি।’

২০১৩ সালে ষষ্ঠবারের মতো র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসা এই এক নম্বর তারকা জানিয়ে দিয়েছেন, এক্ষুনি অবসর নেওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। গ্রাফ? সেরেনার চোখ মার্গারেট কোর্টের রেকর্ডেই হয়তো। ওপেন যুগের আগে পরে মিলিয়েই টেনিসে সবচেয়ে বেশি একক গ্র্যান্ড স্লাম জিতেছেন কোর্ট। সেই ২৪টি শিরোপা জেতার রেকর্ডও এখন খুবই ভঙ্গুর মনে হচ্ছে!