কঠিন পরীক্ষায় 'পাস' নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভয়ই ধরিয়ে দিয়েছিলেন আলেক্সান্ডার জেরেভ! শেষ দুই সেটে দুর্দান্ত লড়াই করে ম্যাচটা অবশ্য জিতে নিয়েছেন রাফায়েল নাদাল। কাল মেলবোর্নের রড লেভার অ্যারেনায় l রয়টার্স
ভয়ই ধরিয়ে দিয়েছিলেন আলেক্সান্ডার জেরেভ! শেষ দুই সেটে দুর্দান্ত লড়াই করে ম্যাচটা অবশ্য জিতে নিয়েছেন রাফায়েল নাদাল। কাল মেলবোর্নের রড লেভার অ্যারেনায় l রয়টার্স

অ্যালেক্সান্ডার জেরেভকে বলা হয় ভবিষ্যতের বিশ্বসেরা টেনিস খেলোয়াড়। কথাটার ঝাঁজ পরশু ভালোই টের পেলেন রাফায়েল নাদাল। হারেননি, তবে জয়ের জন্য ১৪টি গ্র্যান্ড স্লাম জয়ী স্প্যানিশ তারকাকে কঠিন লড়াই-ই করতে হয়েছে ১৯ বছর বয়সী জেরেভের সঙ্গে। চার ঘণ্টা ছয় মিনিটের দুর্দান্ত ম্যাচটা ৪-৬, ৬-৩, ৬-৭ (৫/৭), ৬-৩, ৬-২ গেমে জিতে নাদাল উঠে গেছেন শেষ ১৬-তে।

শেষ ষোলোতে উঠেছেন মিলোস রাওনিচও। র‍্যাঙ্কিংয়ে তৃতীয় কানাডিয়ান তারকা ৬-২, ৭-৬ (৭-৫), ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ফ্রান্সের জাইলস সিমোনকে। মেয়েদের এককে শেষ ষোলোতে উঠেছেন সেরেনা উইলিয়ামস।

তবে পরশু সবচেয়ে আকর্ষণীয় ছিল নাদাল-জেরেভ ম্যাচটিই। প্রথম তিন সেটে দুর্দান্ত সার্ভ আর ব্যাকহ্যান্ডের ব্যবহারে নাদালকে চাপে রেখেছিলেন জেরেভ। এগিয়েও গিয়েছিলেন ২-১-এ। সে সময় মনে হচ্ছিল, ২০১৪ ফ্রেঞ্চ ওপেনের পর কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনাল পেরোতে না-পারা নাদাল এবারও বাদ যাচ্ছেন তৃতীয় রাউন্ডে। কিন্তু শেষ দুই সেটে নাদাল ঝাঁপিয়ে পড়লেন ‘স্প্যানিশ ষাঁড়ের’ প্রত্যয় নিয়ে, তাতেই এল জয়।

নাদালকে সাহায্য করেছে জেরেভের চোটও। শেষ সেটে ৩৭ শটের একটি র‍্যালির পর পায়ে ক্রাম্প হয় জার্মান তরুণের। তা নিয়ে আর যা-ই হোক, নাদালের সঙ্গে লড়াইয়ে কী পারা যায়! জিতেও অবশ্য প্রতিপক্ষের প্রশংসাই করেছেন স্প্যানিশ তারকা, ‘জেতার জন্য অনেক লড়তে হয়েছে আমাকে, দৌড়াতেও হয়েছে। সবাই জানে আলেক্সান্ডার কতটা ভালো। ও এই খেলাটার ভবিষ্যৎ, বর্তমানও। ম্যাচটা আমার জন্য অনেক কঠিন ছিল।’

মেয়েদের এককে সেরেনা অবশ্য প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন সহজেই। স্বদেশি নিকোল গিবসকে ৬-১, ৬-৩ গেমে স্রেফ উড়িয়ে দিয়েছেন মার্কিন টেনিস-কন্যা। বিবিসি, এএফপি।