কন্তার দাদা খেলেছেন পুসকাসের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

স্যাম কোয়েরির কাছে হেরে অ্যান্ডি মারে পরশু বিদায় নিয়েছেন শেষ আটে। উইম্বলডনে ব্রিটিশদের আশা-ভরসার কেন্দ্রে কাল তাই একজনই ছিলেন—জোহানা কন্তা। কিন্তু কাল রাতে ভেনাস উইলিয়ামসের বিপক্ষে সেমিফাইনালে হেরে গেছেন ২৬ বছর বয়সী টেনিসকন্যাও। হারলেও সেমিফাইনালে উঠেই একটা কীর্তি গড়েছেন কন্তা। ১৯৭৮ সালে ভার্জিনিয়া ওয়েডের পর এই প্রথম কোনো ব্রিটিশ নারী খেলোয়াড় উইম্বলডনে সেমিফাইনাল খেলেছেন। কন্তার সাফল্যে যুক্তরাজ্য উচ্ছ্বসিত। আনন্দিত হতে পারেন অস্ট্রেলিয়ানরাও। নাগরিকত্বে ব্রিটিশ হলেও কন্তার জন্ম যে অস্ট্রেলিয়ার সিডনিতে। আর দূর থেকে হয়তো ব্রিটিশ কন্যার জন্য আশীর্বাদ করছেন হাঙ্গেরির মানুষও। কেন? অস্ট্রেলিয়া-যুক্তরাজ্যে জন্ম আর বেড়ে ওঠা ঠিকই, কিন্তু হাঙ্গেরিতে তো কন্তার নাড়ি পোঁতা। তাঁর পূর্বপুরুষ ওই দেশের। কন্তার এমন ‘আন্তর্জাতিক’ জীবনী দেখেই যদি বিস্ময় জাগে, তাহলে হাঁ হয়ে যাবেন আরেকটি তথ্যে—কন্তার দাদু টামাস কের্টেশ হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস, স্যান্ডর ককসিসদের সঙ্গে একই দলে খেলেছেন!

দাদুকে নিয়ে কন্তার অবশ্য কোনো স্মৃতি নেই। থাকবে কী করে, তাঁকে যে কখনো দেখেনইনি! ‘দুঃখ এটাই, তাঁকে কখনো দেখিনি। আমার জন্মের দুই বছর আগে তিনি মারা যান। খুব বেশি জানিও না তাঁর সম্পর্কে। শুধু এতটুকু জানি, তিনি খুব প্রতিভাবান একজন ফুটবলার ও কোচ ছিলেন’—দুই বছর আগে হাঙ্গেরিয়ান পত্রিকা অরিগো স্পোর্তকেবলেছিলেন কন্তা।

পুসকাসদের পাশে অবশ্য খুব বেশি দিন খেলা হয়নি কন্তার দাদু কের্টেশের। হাঙ্গেরি বললে ১৯৫৪ বিশ্বকাপের কথা মনে পড়বে, সেই কিংবদন্তি দলেও ছিলেন না কের্টেশ। ‘ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স’খ্যাত দলটিতে সুযোগ পেয়েছিলেন তার পরের বছর। ম্যাচও খেলেন মাত্র দুটি। তবে হাঙ্গেরিয়ান ক্লাব ফুটবলে ফেরেঙ্কভারোস ও ডেব্রেচেনের হয়ে দুর্দান্ত ক্যারিয়ার ছিল তাঁর। ডেব্রেচেন দিয়েই শুরু কোচিং ক্যারিয়ার কের্টেশকে নিয়ে গেছে ঘানা, ইথিওপিয়া, লিবিয়া ও ইরানে। ১৯৮৯ সালে মাত্র ৫৯ বছর বয়সে মারা যান কের্টেশ।

দাদাকে দেখেননি কন্তা। তবে খেলোয়াড়ি সত্তাটা কোত্থেকে এসেছে, সেটি বোঝাই যায়! গোলডটকম।