করোনার টিকা নেবেন, নাকি অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন—ঝামেলায় জোকোভিচ

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস মহামারির সঙ্গে লড়াই করার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে দেখা হচ্ছে টিকাকে। বিশ্বের বিভিন্ন দেশে টিকা দেওয়া হচ্ছে নাগরিকদের। টিকা দেওয়ার ক্ষেত্রে অনেক দেশেই অগ্রাধিকার পাচ্ছেন বিভিন্ন অঙ্গনের খেলোয়াড়েরা। কিন্তু অনেক খেলোয়াড়ের মধ্যে আবার দেখা যাচ্ছে টিকা নেওয়ার ক্ষেত্রে অনীহা।

করোনাভাইরাসের সঙ্গে লড়াই করতে কোনো কোনো দেশ টিকা নেওয়া বাধ্যতামূলক করে দিয়েছে। বিশ্বের বিভিন্ন খেলার বিভিন্ন টুর্নামেন্টের আয়োজকেরাও টিকা নেওয়া বাধ্যতামূলক করছে। এর মধ্যে একটি অস্ট্রেলিয়ান ওপেন। টুর্নামেন্টের কর্তৃপক্ষ গতকাল জানিয়ে দিয়েছে, টিকা নেওয়া ছাড়া আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না খেলোয়াড়েরা।

নোভাক জোকোভিচ
ছবি : রয়টার্স

টিকা নিতে অনিচ্ছুক খেলোয়াড়দের মধ্যে একজন নোভাক জোকোভিচ। এরই মধ্যে একবার করোনায় আক্রান্ত হওয়া জোকোভিচ কি তাহলে অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন না? এটিপি ফাইনালসের সেমিফাইনালে গতকাল আলেকজান্ডার জভেরভের কাছে হেরে যাওয়ার পর এমন এক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে জোকোভিচকে। সার্বিয়ান টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর শিরোপা ধরে রাখার মিশনে যাবেন কি না, এমন প্রশ্নে অবশ্য মুখ খোলেননি।

আগামী জানুয়ারিতে হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে যাওয়া না-যাওয়া নিয়ে প্রশ্নের উত্তরে জোকোভিচ সাংবাদিকদের বলেছেন, ‘দেখি কী হয়। এ ব্যাপারে আমাদের অপেক্ষা করতে হবে।’ ২০টি গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচ এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন কি না, কিংবা খেলার জন্য টিকা নেবেন কি না, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু না বললেও টুর্নামেন্টের আয়োজকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

আসলে অস্ট্রেলিয়া সরকারই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, টিকা নেওয়া ছাড়া কোনো খেলোয়াড়ই মেলবোর্নে এবারের অস্ট্রেলিয়া ওপেনে খেলতে পারবেন না। কিন্তু জোকোভিচ বলেছেন, ‘সত্যি বলতে কি, আমি এখনো টুর্নামেন্টের আয়োজকদের সঙ্গে কথা বলিনি। কী খবর আসে, সেটা শোনার অপেক্ষায় ছিলাম। এখন সেটা জেনেছি। এবার দেখি কী হয়।’

অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জোকোভিচ
ফাইল ছবি

জোকোভিচকে হারিয়ে এটিপি ফাইনালসের ফাইনালে ওঠা জভেরভ অবশ্য আশা করছেন, এই প্রবল প্রতিদ্বন্দ্বীকে অস্ট্রেলিয়ান ওপেনেও পাবেন, ‘অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক থাকলে ভালো লাগবে। কিন্তু দেখুন, এটা কঠিন এক বিষয় এবং খুব বেশি রাজনৈতিক ব্যাপার। অন্য একটা দেশে যাব আমরা। এটা ভাইরাসের ব্যাপার, এটা শুধু একটা টুর্নামেন্ট বা টেনিসের বিষয় নয়। আমরা যে দেশে যাব, তারা যদি (টিকা না নিলে) আমাদের সেখানে যাওয়ার অনুমতি না দেয়, তাহলে তো তাদের বিধিনিষেধ মেনেই চলতে হবে।’