কারবারের 'দ্বিতীয় জন্ম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে টানা ৯টি অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছেন। সেরা সাফল্য চতুর্থ রাউন্ড। সেই অ্যাঞ্জেলিক কারবারই কিনা এবার মেলবোর্ন পার্কে শিরোপা জিতলেন, অভিজ্ঞ সেরেনা উইলিয়ামসকে হারিয়ে! পরশুর এই সাফল্যে ক্যারিয়ারের ‘দ্বিতীয় জন্ম’ই দেখেছেন ২৮ বছর বয়সী জার্মান নারী, ‘হতে পারে এটা দ্বিতীয় জন্ম। রাদভানস্কার বিপক্ষে প্রথম সেট জয়, তারপর ম্যাচ—পারফরম্যান্স বলছিল আমি ভালো খেলোয়াড়। বড় প্রতিপক্ষের সঙ্গেও আমি তা খেলতে পারি। বড় টুর্নামেন্টগুলোয় গত বছর ভালো খেলতে পারিনি। এটাই বছরের প্রথম বড় টুর্নামেন্ট। আমি জিতলাম। আমার প্রথম গ্র্যান্ড স্লাম।’
ভেনাস উইলিয়ামস, মারিয়া শারাপোভা ও সামন্থা স্টোসুরের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে হারালেন সেরেনাকে।
গত ইউএস ওপেনে ২২তম গ্র্যান্ড স্লামটা জিততে পারলেন না অপ্রত্যাশিতভাবে, তার পরের টুর্নামেন্ট এই অস্ট্রেলিয়ান ওপেনেও ব্যর্থ হলেন। পরশু কারবারের কাছে পরাজয়কে সতর্কবার্তা হিসেবেই দেখছেন ৩৪ বছর বয়সী সেরেনা। তবে এ বছরই ২২তম গ্র্যান্ড স্লাম জিতে স্টেফি গ্রাফের পাশে বসতে চান, সেই আকাঙ্ক্ষা থেকেই সেরেনার উপলব্ধি, ‘যদি আরও কিছু টুর্নামেন্ট জিততে চাই, আমি নিশ্চিত, আরও ভালো খেলতে হবে আমাকে।’ এএফপি, টেনিসডটকম।