কিরিওসের কাণ্ড
ক্ষমা চেয়েও পার পেলেন না নিক কিরিওস। অভব্যতার শাস্তি হিসেবে অস্ট্রেলিয়ার এই টেনিস খেলোয়াড়কে সাড়ে ১২ হাজার ডলার জরিমানা করেছে এটিপি। পেশাদার টেনিস খেলোয়াড়দের সংগঠনটি ঘোষণা দিয়েছে আরও বিস্তারিত তদন্তেরও। কিন্তু কী এমন করেছেন ২০ বছর বয়সী এই খেলোয়াড়, যে কারণে তোলপাড় টেনিস বিশ্বে?
ঘটনাটি গত বুধবার কানাডার মন্ট্রিয়লে রজার্স কাপের দ্বিতীয় রাউন্ডের। কিরিওস খেলছিলেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কার সঙ্গে। ম্যাচের একপর্যায়ে ভাভরিঙ্কার বান্ধবী টেনিস খেলোয়াড় ডোনা ভেকিচকে নিয়ে খুবই অশ্লীল মন্তব্য করে বসেন কিরিওস। মন্তব্যটি ধরা পড়ে কোর্টের পাশের মাইক্রোফোনেও। আর এতেই তোলপাড়। ভেকিচের সঙ্গে একসময় অস্ট্রেলীয় টেনিস খেলোয়াড় থানাসি ককিনাকিসের সম্পর্ক ছিল বলে গুঞ্জন আছে। কিরিওস ওই সম্পর্ক নিয়েই বাজে কথা বলেন। ভাভরিঙ্কা খেলা শেষে তীব্র প্রতিবাদ জানান নিকের অশালীন মন্তব্যের, ‘একজন সহ-খেলোয়াড়ের এমন আচরণ কস্মিনকালেও ভাবিনি আমি। নিজের শত্রুকেও এমন কথা বলব না।’ পরে অবশ্য ব্যক্তিগত ও আনুষ্ঠানিক দুভাবেই ভাভরিঙ্কার কাছে ক্ষমা চেয়েছেন কিরিওস। তবে তাতে খুব একটা চিড়ে ভেজেনি। এএফপি।
ওই ম্যাচটা জিতলেও পরশু তৃতীয় রাউন্ডে কিরিওসকে খেলতে হয়েছে দর্শকের দুয়ো শুনেই। জন ইসনারের কাছে ম্যাচটাও হেরেছেন কিরিওস।