কে জিতেছেন, নাদাল না মুলার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে ফ্যাব ফোরের বাকি দুই সদস্য রজার ফেদেরার ও অ্যান্ডি মারে সহজেই শেষ আটে উঠেছেন। গ্রিগর দিমিত্রভকে সরাসরি সেটে হারিয়ে অন্য রকম একটি ফিফটি করেছেন ফেদেরার। উইম্বলডনের সাতবারের চ্যাম্পিয়ন এই নিয়ে ৫০তম বারের মতো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন। শেষ আটে তাঁর প্রতিপক্ষ মিলোস রাওনিচ। গত বছর সেমিফাইনালে ফেদেরারকে হারিয়েছিলেন কানাডার এই তারকা। শেষ আটে উঠতে মারে সরাসরি সেটে হারিয়েছেন ফ্রান্সের অবাছাই খেলোয়াড় বেনো পেয়ারকে।

উইম্বলডনের পাগুলে সোমবারে শিরোনাম হওয়ার মতো অনেক ঘটনাই ঘটেছে কাল। মেয়েদের এক নম্বর অ্যাঞ্জেলিক কারবার বিদায় নিয়েছেন। ২৩ বছরের মধ্যে সবচেয়ে বয়সী খেলোয়াড় হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভেনাস উইলিয়ামস। ৩৩ বছর পর প্রথম ব্রিটিশ নারী খেলোয়াড় হিসেবে শেষ আটে জোহানা কন্তা। মেয়েদের ম্যাচের সূচি ও ভেন্যু নিয়ে ওঠা অসন্তোষের বুদ্‌বুদ। ছেলেদের বড় ম্যাচগুলো মূল ভেন্যুতে রাখতে মেয়েদের কিছু ম্যাচ বাইরের কোর্টে রাখাতেই অসন্তুষ্ট নারী খেলোয়াড়েরা।

১৯৮৪ সালে জো ডুরি সর্বশেষ ব্রিটিশ হিসেবে উঠেছিলেন মেয়েদের শেষ আটে। কাল ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে ৭-৬ (৭/৩), ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন বাজিকরদের ফেবারিট কন্তা। এক নম্বর কারবার হেরেছেন ১৪ নম্বর বাছাই স্পেনের গারবিনিয়ে মুগুরুজার কাছে ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে। ৩৭ বছর ২৯ দিন বয়সী ভেনাস হারিয়েছেন ১৯ বছরের আনা কনিয়ুকে, সরাসরি সেটে। ১৯৯৭ সালে ভেনাস যেবার প্রথম খেলেন উইম্বলডনে, তখন জন্মই হয়নি ক্রোয়েশিয়ার কনিয়ুর। শেষ আটে ভেনাসের প্রতিপক্ষ ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন আলেনা ওস্তাপেঙ্কা।

এক নম্বর কারবার হারলেও দুই নম্বর সিমোনা হালেপ ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে উঠে গেছেন শেষ আটে। কোয়ার্টার ফাইনালে কন্তাকে হারাতে পারলে এক নম্বর হয়ে যাবেন রোমানিয়ান তারকা হালেপ। পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভানস্কাকে হারিয়ে শেষ আটে উঠেছেন সভেতলেনা কুজনেতসভাও। সূত্র: স্টার স্পোর্টস ২, এএফপি।