কে থামাবে সেরেনাকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস
অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জেতা হয়ে গেছে এ বছর। এবার ইউএস ওপেনও জিতে সেরেনা উইলিয়ামস ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম পুরো করতে যাচ্ছেন—এ নিয়ে সংশয় প্রকাশ করার মতো কাউকে খুঁজে পাওয়া কষ্ট হবে বৈকি! বরং প্রশ্ন উঠছে—নিউইয়র্কের আর্থার অ্যাশ সেন্টার কোর্টে কাল থেকে শুরু টুর্নামেন্টে মসেরেনাকে চ্যালেঞ্জ জানানোর মতো আদৌ কি কেউ আছেন? 

দ্বিতীয় বাছাই সিমোনা হালেপের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ৬-১ ব্যবধানে এগিয়ে। তৃতীয় বাছাই মারিয়া শারাপোভার বিপক্ষে এগিয়ে ১৮-২ ব্যবধানে, যেখানে শারাপোভার সর্বশেষ জয়টা এসেছিল ১১ বছর আগে। ১১ বারের দেখায় সেরেনার বিপক্ষে মাত্র একবার জিতেছেন চতুর্থ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি! গত বৃহস্পতিবার বছরের শেষ গ্র্যান্ড স্লামের ড্রয়ের পর তাই দুবার দ্বৈত গ্র্যান্ড স্লামজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস খেলোয়াড় ও বর্তমানে ইএসপিএনের ধারাভাষ্যকার মেরি জো ফার্নান্দেজ বলে দিয়েছেন, ‘কে থামাতে পারে সেরেনাকে? আমার মনে হয়, নিজের সেরা খেলাটা খেলতে পারলে সে-ই সবার চেয়ে ভালো এবং সে-ই জিতবে।’
পরিসংখ্যান বলছে, এ বছর আগের তিনটি গ্র্যান্ড স্লাম জয়ের পথে মাত্র ৯টি সেট হেরেছেন সেরেনা। টুর্নামেন্টের শুরুর দিকে আপসেটের শিকার না হলে পরে সেরেনাকে থামানো কঠিন বলেই মনে করেন মেরি জো ফার্নান্দেজ, ‘আমার মনে হয়, ওকে থামাতে হলে সেটা শুরুতেই করতে হবে, পরে নয়।’ তো শুরুতে কারা থাকছেন সেরেনার প্রতিপক্ষ হিসেবে?
দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়ার মিরানা লুচিচ-বারোনির সঙ্গে দেখা হতে পারে, তৃতীয় রাউন্ডে সম্ভাব্য প্রতিপক্ষ সতীর্থ মার্কিন স্লোয়ান স্টিফেনস। চতুর্থ রাউন্ডে ম্যাডিসন কিস অথবা উরসজুলা রাদভানস্কা। ইউএস ওপেনের সর্বশেষ তিনবারের চ্যাম্পিয়ন সেরেনার সামনে কোনো নামই কি বড় মনে হচ্ছে?
সর্বকালের সেরা কি না, এ নিয়ে আলোচনা হচ্ছে বেশ কয়েক বছর ধরেই। সেরেনা-বিস্ময়ে বাড়তি মাত্রা যোগ করছে বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া। বয়স যত বাড়ছে, খেলার ধারও যেন ততই বেড়ে চলছে। গ্র্যান্ড স্লামে তিনি টানা ২৮ ম্যাচ অপরাজিত, ইউএস ওপেনে জিতেছেন টানা ২১ ম্যাচ, যুক্তরাষ্ট্রের হার্ড কোর্টে জয় টানা ৪৪ ম্যাচে! ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার টানা ৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। কে বিশ্বাস করবে, তাঁর বয়স ৩৪ ছুঁই-ছুঁই! সাতবারের গ্র্যান্ড স্লামজয়ী জন ম্যাকেনরো তো বলেই দিয়েছেন, ‘আমার কাছে সে-ই সর্বকালের সেরা নারী টেনিস খেলোয়াড়।’
একসময় মার্টিনা নাভ্রাতিলোভার সঙ্গে দ্বৈতে জুটি বেঁধে রাজত্ব করা প্যাম শ্রাইভার বলেছেন, ‘এ বছর আমি তাঁকে আমার সর্বকালের সেরা বলে মেনে নিয়েছি। সে এখনো বড় শিরোপা জিতে চলেছে, ৩০ বছর বয়সের পর ওর মতো আর কেউ এত শিরোপা জেতেনি। ১৯৯০, ২০০০ এবং এখন—তিনটি আলাদা দশকে সে শিরোপা জিতেছে।’
একটা অপূর্ণতা এখনো আছে। একই বছরে চারটি গ্র্যান্ড স্লামই জয়ের স্বাদ পাওয়া। মেয়েদের মধ্যে যে কীর্তি আছে মাত্র তিনজনের—মরিন কনোলি (১৯৫৩), মার্গারেট কোর্ট (১৯৭০) ও স্টেফি গ্রাফের (১৯৮৮)। এবার সেই অপূর্ণতা ঘুচে গেলে আরেকটি অর্জনও জ্বলজ্বল করবে সেরেনার বর্ণময় ক্যারিয়ারে। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি (২২) গ্র্যান্ড স্লাম একক শিরোপা জয়ের রেকর্ডে ছুঁয়ে ফেলবেন স্টেফি গ্রাফকে। সেরেনা উইলিয়ামসের জন্য এবারের ইউএস ওপেন একটু বাড়তি রোমাঞ্চেরই বটে! রয়টার্স।