কোচ ছাড়াই পাকিস্তান যাচ্ছে টিটি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ নেই—টেবিল টেনিস খেলোয়াড়দের এই আক্ষেপটা দীর্ঘদিনের। কোচ ছাড়াই গত বছর দিল্লিতে দক্ষিণ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিল টেবিল টেনিস দল। আরেকটি দক্ষিণ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নিতে আজ ইসলামাবাদ যাচ্ছে বাংলাদেশের তিন খেলোয়াড় মোহাম্মদ জাভেদ, ইমরান হোসেন (হৃদয়) ও মুশরাদুল খায়ের হামজা (সজীব)। ২৭-২৯ আগস্ট জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ও ক্যাডেট বিভাগে (অনূর্ধ্ব-১৫) খেলবে বাংলাদেশ। তবে এর আগে পাঁচ দিন আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের (আইটিটিএফ) বিশেষ অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন তিন খেলোয়াড়।
সর্বশেষ তিন বছর আগে আইটিটিএফের অনুদান সুবাদে পাওয়া পাকিস্তানি কোচ আরিফ খানের কাছে ঢাকায় মাস খানেকের অনুশীলন ক্যাম্প করেছিলেন খেলোয়াড়েরা। এর পর থেকেই টিটি খেলোয়াড়েরা কোচবিহীন, কখনো দেশি কোচের সামান্য তত্ত্বাবধানে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছেন। কিন্তু এবার পাকিস্তানে যাওয়ার আগে সেই সুযোগও মেলেনি।