খাদ থেকে ফেদেরারের ফেরা

মুষ্টিবদ্ধ দুই হাত পেছনে নিয়ে বুক চিতিয়ে মুখে চিৎকার। এ তো বুনো উদ্যাপন! তবে ফ্ল্যাশিং মিডোয় ফেদেরারের পরশুর এই উদ্যাপন একটুও অপ্রাসঙ্গিক ছিল না। খাদের কিনারা থেকে ফিরে এসে জয়। গায়েল মনফিলসের বিপক্ষে ক্যাব্যিক এক প্রত্যাবর্তনের জন্ম দিয়ে জিতলেন ফেদেরার। এমন জয়ে কি উদ্যাপনের বাছবিচার থাকে!
প্রথম দুই সেটে পরাজয়। তৃতীয় সেট জিতলেও চতুর্থ সেটে ফেদেরার আবার পিছিয়ে পড়েছিলেন। দশম গেমে আর একটি পয়েন্ট হলেই সেমিতে উঠে যান মনফিলস। পরিস্থিতির চাপে কোর্টে তখন একরকম অস্থির ফেদেরার। কী নিয়ে যেন আম্পায়ারকে কিছু একটা বললেনও। হাতের র্যা কেট ছুড়ে মারলেন নেটে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি জিতলেন ৪-৬, ৩-৬, ৬-৪, ৭-৫, ৬-২ গেমে। ফেদেরার বলছেন, এই জয় নিজের প্রতি তাঁর অটুট আস্থারই ফসল, ‘খুব ভালো খেলেছে গায়েল। কিন্তু যখন আমি দুই সেটে পিছিয়ে তখনো জানতাম ম্যাচের শেষ দেখাটা তার জন্য তখনো বহুদূরের পথ।’
গ্র্যান্ড স্লামে দুই সেটে পিছিয়ে পড়েও ম্যাচ জয় অবশ্য ফেদেরারের এটাই প্রথম নয়। তবে দুই বছরের মধ্যে প্রথম। ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক এর আগে সর্বশেষ এমন জয় পান ২০১২ উইম্বলডনে। সেবার তাঁর প্রতিপক্ষ ছিল মনফিলসেরই স্বদেশি জুলিয়ান বেনেতো।
পরশুর জয় ইউএস ওপেনের সেমিফাইনালে তুলল ফেদেরারকে। গ্র্যান্ড স্লামে এটি তাঁর ৩৬তম সেমিফাইনাল। যেখানে প্রতিপক্ষ ১৪তম বাছাই মারিন চিলিচ। ক্রোয়েশিয়ার চিলিচ সেমিতে উঠেছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে ৬-২, ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে হারিয়ে।
আজই ফেদেরার কোর্টে নামছেন চিলিসের বিপক্ষে। সেমিফাইনাল জিতলেই হার্ডকোর্টে ৬০০তম জয়ের মাইলফলক ছোঁবেন ফেদেরার। গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জয়ের ইতিহাস গড়ার পথে ৩৩ বছর বয়সী ফেদেরার এগোবেন আরেক ধাপ। অতীত রেকর্ড অবশ্য ফেদেরারকেই এগিয়ে রাখছে। চিলিচের সঙ্গে আগের পাঁচটি লড়াইয়ের সব কটিতেই জিতেছেন ফেদেরার।
বিশ্ব টেনিসে বিস্মৃত হতে যাওয়া মার্টিনা হিঙ্গিসও এদিন ছিলেন আলোচনায়। ৩৩ বছর বয়সী হিঙ্গিস ইতালির ফ্ল্যাভিও পেনেত্তাকে নিয়ে উঠে গেছেন মহিলা দ্বৈতের ফাইনালে। সেমিফাইনালে হারিয়েছেন সানিয়া মির্জা ও কারা ব্ল্যাক জুটিকে। ১২ বছর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম দ্বৈতের ফাইনালে উঠলেন হিঙ্গিস। এএফপি।