গাড়ি দুর্ঘটনায় মৃত্যুতে জড়াল ভেনাস উইলিয়ামসের নাম

আরেকটি গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন নিয়ে উইম্বলডনে যাচ্ছেন ভেনাস উইলিয়ামস। প্রতিযোগিতার প্রথম দিনেই (৩ জুলাই) কোর্টে নামতে হবে তাঁকে। সব মনোযোগ এখন টেনিসেই থাকার কথা তাঁর। কিন্তু এমন সময়ে উল্টো তাঁকে ভাবতে হচ্ছে পুলিশ আর আইনের মারপ্যাঁচ নিয়ে! গাড়ি দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুতে যে জড়িয়েছে তাঁর নাম!
ঘটনাটি গত ৯ জুনের। একটি টয়োটা এসইউভির সঙ্গে ধাক্কা লাগে ভেনাসের গাড়ির। তাতে গুরুতর আহত হন ৭৯ বছর বয়সী জেরোম বার্সন ও তাঁর স্ত্রী লিন্ডা বার্সন। চালকের আসনে থাকা লিন্ডা আঘাত কাটিয়ে উঠতে পারলেও জেরোম অতটা সৌভাগ্যবান নন। দুই সপ্তাহ পরে আহতাবস্থায় মৃত্যু হয় তাঁর। পাম বিচ গার্ডেন পুলিশ তাদের প্রতিবেদনে উইলিয়ামসের গাড়ির চালককে এ দুর্ঘটনার জন্য দায়ী করেছে। প্রতিবেদনে লেখা হয়েছে, গাড়ির চালক (উইলিয়ামসের) ট্রাফিক আইন ভাঙার জন্য দায়ী।
দুর্ঘটনার পর লিন্ডাও বলেছিলেন, তিনি সবুজ বাতি দেখে গাড়ি নিয়ে এগোচ্ছিলেন এবং উইলিয়ামসের গাড়ি নিয়ম ভেঙে তাদের সামনে চলে আসায় দুর্ঘটনা ঘটে। পুলিশ অবশ্য এখনো ভেনাসের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করেনি। এ দুর্ঘটনার পর ভেনাসও বারবার বলেছিলেন, তিনি বার্সনদের গাড়ি দেখতে পাননি এবং খুব ধীরে গাড়ি চালাচ্ছিলেন। তাঁর আইনজীবী জানিয়েছেন, ‘মিস উইলিয়ামস সবুজ বাতি দেখেই ওই মোড়ে ঢুকেছিলেন। কিন্তু সামনে ট্রাফিকের কারণে ওই পথ থেকে দ্রুত সরতে পারেননি। আর পুলিশের প্রতিবেদনও বলছে, তিনি মাত্র ৫ কিলোমিটার গতিতে যাচ্ছিলেন যখন দুর্ঘটনা ঘটে। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা এবং ভেনাস গভীর সমবেদনা জানিয়েছেন এই পরিবারের প্রতি, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে।’ সূত্র: বিবিসি, গার্ডিয়ান।