ঘণ্টা বাজছে নাদাল-ফেদেরারের?

এক সপ্তাহের মধ্যেই খসে পড়ল দুটি তারা। পিঠের চোটের কাছে পরাস্ত রজার ফেদেরার নামতেই পারলেন না। পরশু রাফায়েল নাদালও কবজির চোটে নিজেকে সরিয়ে নিলেন চতুর্থ রাউন্ড থেকে। অনেক দিন পর ফ্রেঞ্চ ওপেন তাই এতটা মলিন। কিন্তু এটির চেয়েও যা বড় হয়ে উঠছে, নাদাল-ফেদেরার যুগ কি তাহলে শেষ?
র্যা ঙ্কিং বলে দুজন শীর্ষ পর্যায়ের টেনিসটা আরও কিছুদিন চালিয়ে যেতে পারেন। ফেদেরার এখন আছেন তিনে, নাদাল সাতে। কিন্তু গ্র্যান্ড স্লামের ফর্ম আর বয়স কিন্তু তাঁদের আশা দেখায় না। দুজনের কেউ সর্বশেষ গ্র্যান্ড স্লাম কবে জিতেছেন সেটি মনে করতেও একটু পেছনে ফিরে যেতে হয়। সেই ২০১৪ সালে নাদাল এই রোলাঁ গারোতেই শিরোপা জিতেছিলেন। আর ফেদেরারের সর্বশেষ গ্র্যান্ড স্লাম জয় তো আরও দুই বছর আগে, ২০১২ উইম্বলডনে। ফেদেরার আটকে আছেন ১৭টি গ্র্যান্ড স্লামে, নাদাল খুলতে পারছেন না ১৪-এর গেরো।
বয়সও উজানে। আগস্টে ফেদেরার পা দেবেন পঁয়ত্রিশে। সর্বশেষ যেখানে জিতেছিলেন, সেই অল-ইংল্যান্ড ক্লাবে সবচেয়ে বেশি বয়সে শিরোপাজয়ীর নাম আর্থার অ্যাশ। ১৯৭৫ সালে ৩২ পূর্ণ হওয়ার আগে অ্যাশের হাতে উঠেছিল ট্রফি। আর উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন কেন রোজওয়াল। ১৯৭২ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতার সময় তাঁর বয়স ছিল ৩৭। তখন আজকের মতো খেলাটা এত গতিময় ছিল না। এই যুগে ৩০-ই ঢের বেশি।
নাদালও ত্রিশ পার হয়ে শুনতে পাচ্ছেন বেলা শেষের গান। পরশু আবেগঘন কণ্ঠে বলছিলেন, পরের বছর আবার রোলাঁ গারোয় ফিরে আসবেন। কিন্তু তত দিনে বয়স হয়ে যাবে ৩১ ছুঁই-ছুঁই। জোঁকের মতো সেঁটে থাকা চোটকেও কি ঝেড়ে ফেলতে পারবেন? নাদাল অবশ্য একটু আশাবাদী হতে পারেন। রোলাঁ গারোতে সবচেয়ে বেশি বয়সে জয়ের কীর্তিটা আন্দ্রেস জিমেনোর। ১৯৭২ সালে রোলাঁ গারোয় ওই ফরাসি জিতেছিলেন ৩৪ বছর বয়সে।
নাদাল অবশ্য পরশু অস্ফুটে বলেছেন, ‘সময়টা এখন খুব কঠিন। আমার সবচেয়ে কঠিন সংবাদ সম্মেলন এটি। কিন্তু আমাকে বলতে হচ্ছে এখানেই শেষ নয়।’ ফেদেরারও এখনই হাল ছাড়ছেন না, ‘আমি যেকোনো সময়ের মতোই উদ্দীপ্ত ও রোমাঞ্চিত। ঘাসের মৌসুম শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে ওঠার চেষ্টা করছি।’ নাদালের বন্ধু ও ফ্রেঞ্চ খেলোয়াড় রিচার্ড গ্যাসকেটও আবারে তাঁকে কোর্টে দেখতে চান, ‘গুরুতর কিছু না হলে ও সরে দাঁড়াত না। আশা করছি, খুব দ্রুত চোট কাটিয়ে সে আবার ফিরবে।’
কিন্তু ফিরলেই কি আগের নাদালকে দেখা যাবে? এই পড়তি বয়সে ফেদেরারও ফিরে পাবেন নিজেকে? নোভাক জোকোভিচ যেভাবে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, তাতে সেই আশা দুরাশাই! এএফপি।