ঘোর কাটছেই না মুলারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ আটে ওঠা মুলারকে নাদালের অভিনন্দন l এএফপি
শেষ আটে ওঠা মুলারকে নাদালের অভিনন্দন l এএফপি

কোর্টে নামার আগে টানেলে কয়েকটা লাফ দেওয়া তাঁর অভ্যাস। পরশু উইম্বলডনের চতুর্থ রাউন্ডে খেলতে নামার আগে সেটা করতে গিয়ে ওপরে মাথা ঠুকে গেল। মৃদু হাসিতে বিষয়টি সামলে নেন তখন। শব্দ শুনে প্রতিপক্ষ জাইলস মুলার পেছন ফিরে তাকিয়েছিলেন। হাসলেন তিনিও। পাগুলে সোমবারে অল ইংল্যান্ড ক্লাবের এক নম্বর কোর্টে অঘটনের আভাস কি তখনই পেয়েছিল নাদাল-ভক্তরা!

ম্যাচ শেষে দরজায় নাদালের মাথা ঠুকে যাওয়া নিয়ে মজাও করেছেন মুলার, ‘আমার তো মনে হয়, ওই ঘটনার কারণেই প্রথম দুটি সেট আমি সহজেই জিতেছি। হয়তো বা তখনো তার মাথা ঝিমঝিম করছিল।’ হতাশাক্লিষ্ট চেহারার নাদাল অবশ্য ‘ওরকম কিছু ছিল না’ বলে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। এই কথাগুলো বলার সময় অবশ্য স্প্যানিশ এই তারকা ঘোরের মধ্যে ছিলেন বলেই মনে হচ্ছিল। তবে সেটা মাথার সেই আঘাতের জন্য নয়। ৪ ঘণ্টা ৪৮ মিনিটের মহাকাব্যিক ম্যাচটিতে মুলারের কাছে হেরে যাওয়ার ধাক্কায় তখনো যে তিনি টালমাটাল।

৭৫ মিনিটের মধ্যে মুলার প্রথম দুটি সেট জিতে নিয়েছিলেন ৬-৩ ও ৬-৪ গেমে। বয়সে নাদালের চেয়ে তিন বছরের বড়। কিন্তু তাঁর দুর্দান্ত সার্ভ, অসাধারণ ভলি আর বুদ্ধিদীপ্ত কিছু শট সামলাতে গিয়ে ক্লান্তই হয়ে পড়েছিলেন দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন নাদাল। তবে তাঁর মতো চ্যাম্পিয়ন কি বিনা যুদ্ধে হার মানবেন! তৃতীয় আর চতুর্থ সেট ঠিক একই ব্যবধানে জিতে ফিরিয়ে আনলেন সমতা।

এরপরই নাটকের শুরু। শেষ সেটটি যেন শেষই হতে চাইছিল না। ইউএস ওপেন ছাড়া বাকি তিনটি গ্র্যান্ড স্লামেই নির্ধারণী সেটে টাইব্রেকার নেই। কেউ কারও সার্ভিস ব্রেক করতে পারছিলেন না। ম্যারাথন সেটটি শেষ হয় ২ ঘণ্টা ১৫ মিনিটে। এর মধ্যে চারটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়েছন নাদাল। তবে ১৫-১৩ গেমে জিতে শেষ হাসি হাসেন ৩৪ বছর বয়সী মুলার। এই জয়ে ১৩ বারের চেষ্টায় প্রথমবারের মতো উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন টুর্নামেন্টের ষোড়শ বাছাই লুক্সেমবার্গের এই খেলোয়াড়। ২০০৫ সালে এই উইম্বলডনেই নাদালকে হারিয়েছিলেন। তবে ২০১৩ সালে কনুইয়ের চোটে ক্যারিয়ারই শেষ হতে চলেছিল তাঁর। চোটের সঙ্গে লড়াই করে কোর্টে ফিরেছেন। এরপর রূপকথার এই জয়। ঘোর যেন তাঁর কাটছেই না, ‘আমি তো এখনো এটা বিশ্বাসই করতে পারছি না।’

চতুর্থ রাউন্ড থেকেই বিদায়—নাদালেরও যেন এটা বিশ্বাস হচ্ছে না, ‘আমি চতুর্থ রাউন্ডে হেরে গেছি। এমন ফল আমি মোটেই আশা করিনি।’ ফ্রেঞ্চ ওপেন থেকে পরশুর এই ম্যাচের আগ পর্যন্ত একটিও সেট হারেননি নাদাল। কিন্তু ঘাসের কোর্টের বিশেষজ্ঞ মুলার নাদালকে ঠিকই নামিয়ে এনেছেন মাটিতে। ৩৯৮ পয়েন্টের ম্যাচে মুলার ‘এইস’ করেছেন ৩০টি, উইনার খেলেছেন ৯৫টি, ১৬টি ব্রেক পয়েন্টের মধ্যে জিতেছেন ১৪টি। অন্যদিকে নাদালের ‘এইস’ ২৩টি, উইনার খেলেছেন ৭৭টি আর ব্রেক পয়েন্ট জিতেছেন ১৬টির মধ্যে দুটি। সূত্র: স্টার স্পোর্টস, এএফপি, টেনিস ডটকম।