চোখের জলে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে আবেগের কাছে লি নার আত্মসমর্পণ। কাল বেইজিংয়ে l রয়টার্স
সংবাদ সম্মেলনে আবেগের কাছে লি নার আত্মসমর্পণ। কাল বেইজিংয়ে l রয়টার্স

তাঁর রসবোধ দুর্দান্ত। সংবাদ সম্মেলনে হাসির হুল্লোড় তুলেছেন বেশ কবার। কাল সেই লি না কাঁদলেন, কাঁদালেনও। সংবাদ সম্মেলনে বারবার বাষ্পরুদ্ধ হলো কণ্ঠ। উপস্থিত সাংবাদিকও প্রশ্ন করতে গিয়ে কেঁদে ফেললেন। ৩২ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়ের বিদায় চীনকে কতটা নাড়িয়ে দিয়েছে, সেটা বলে না দিলেও চলে।

হয়তো একটু ভুলই বলা হলো, আসলে টেনিস-বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। লি না শুধু দুবারের গ্র্যান্ড স্লামজয়ী নন, বরং তার চেয়েও যেন বেশ কিছু। চীনের লাখো তরুণ এখন কোর্টে নামে লি নার মতো হওয়ার স্বপ্ন নিয়ে। অবসরের ঘোষণাটা সামাজিক যোগাযোগের মাধ্যমে গত শুক্রবারই দিয়েছিলেন। ফেসবুকের সেই খোলা চিঠির পরই লি নাকে ঘিরে শুরু হয়ে যায় বিদায়-অর্ঘ্য নিবেদন।

অথচ এ বছর যখন অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন, কে ভেবেছিলেন আট মাসের মধ্যেই র‍্যাকেট তুলে রাখবেন? সাফল্যের ফুল একটু দেরিতেই ফুটেছিল, কিন্তু সেটির সুবাস কী তীব্রভাবেই না ছড়াচ্ছিল! বয়স ২৯ পেরোনোর পর দুটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি তো ১৯৬৮ সালের পর একমাত্র লি নারই আছে! হাঁটুর চোটের কাছে নতি স্বীকার করায় কি একটু অতৃপ্তি ছুঁয়ে যাচ্ছে না? থাকলেও লি না স্বীকার করছেন না, ‘আমি আমার টেনিস ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট। কোনো আক্ষেপ বা দুঃখবোধ নেই। সিদ্ধান্তটা নেওয়ার সময় আমি আমার হৃদয়ের কাছে জানতে চেয়েছিলাম, ‘অবসর নিলে কি পরে আফসোস হবে?’ হৃদয় বলল, ‘না, কারণ আমি আমার সাধ্যমতো চেষ্টাই করেছি।’

সেই চেষ্টার পথে কত ঝঞ্ঝা সইতে হয়েছে সেটা লি না-ই ভালো জানেন। সমাজতান্ত্রিক চীনে সরকারি নিয়মের নিগড় থেকে বেরিয়ে আসাটা একরকম বিদ্রোহই বটে। স্থানীয় মিডিয়া তো এটিকে ‘একলা চলো রে’ তকমাও দিয়ে ফেলেছিল। লি না ওসব মনে হয় ভুলেই যেতে চান, ‘“একলা চলো রে”—কথাটা প্রচারমাধ্যমের বানানো। জাতীয় দলের সঙ্গে সময়টা আমি খুব মিস করি, একসঙ্গে অনুশীলন, থাকা, অনেকের সঙ্গে বন্ধুত্ব...।’

লি নার জন্যই তাঁর নিজের শহর উহানে হচ্ছে ডব্লুটিএ টুর্নামেন্ট। যেখানে খেলছেন সেরেনা, শারাপোভা। লি নার বিদায়ের ব্যথাতুর আবহ শারাপোভাকেও তাই ছুঁয়ে যাচ্ছে, ‘অবশ্যই বিশ্ব টেনিসের জন্য এটা বড় এক ক্ষতি। বিশেষ করে চীনে, যেখানে তাঁর প্রভাবটা অনেক বছর ধরেই বিশাল।’ বিশ্বের দুই নম্বর সিমোনা হালেপ বলেছেন লি না একজন ‘সত্যিকারের চ্যাম্পিয়ন!’

লি নার মতো চ্যাম্পিয়নরা কি আদৌ বিদায় নেন? এএফপি।