চোট নিয়ে সরে দাঁড়ালেন নাদাল
পিঠের চোটের কারণে শুরুর আগেই ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন রজার ফেদেরার। ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্লাম এবার হারাল রাফায়েল নাদালকেও। লাল দুর্গে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন এই স্প্যানিয়ার্ড কবজির চোটের কারণে গতকাল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন।
চোট নিয়েই প্রথম শুরু করেছিলেন টুর্নামেন্ট। কিন্তু খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না তাঁর। নাদালের ভাষায়, ‘এটা (কবজি) ভাঙেনি, তবে যদি খেলা চালিয়ে যাই, তাহলে কয়েক দিনের মধ্যেই ভেঙে যাবে। খুব বাজে একটা অবস্থা। কিন্তু এটাই জীবন। রোলাঁ গারো না হলে সম্ভবত আমি প্রথম দুই দিন খেলার ঝুঁকি নিতাম না।’ তবে নাদাল জোর দিয়ে বলছেন, এখানেই তাঁর ক্যারিয়ার শেষ নয়।
নাদালের নিজেকে সরিয়ে নেওয়ার দিনে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন অ্যান্ডি মারে। দ্বিতীয় রাউন্ডে ফরাসি প্রতিপক্ষ ম্যাথিয়াস বুর্গুর কাছে দ্বিতীয় ও তৃতীয় সেটে হেরেও ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছিলেন। তৃতীয় রাউন্ডে ক্রোয়াট প্রতিপক্ষ ইভো কার্লোভিচের বিপক্ষে ম্যাচটি ছিল তাঁর বড় পরীক্ষা। সে পরীক্ষায়ও উতরে গেছেন মারে। দ্বিতীয় বাছাই মারে গতকাল ৬-১, ৬-৪, ৭-৬ (৭/৩) গেমে হারিয়ে দিয়েছেন ২৭তম বাছাই কার্লোভিচকে। মারের জয়ের দিনে অঘটনের শিকার পেত্রা কেভিতোভা। যুক্তরাষ্ট্রের অবাছাই শেলবি রজার্স ৬-০, ৬-৭ (৩/৭) গেমে হারিয়েছেন মহিলা বিভাগের দশম বাছাই কেভিতোভাকে। এএফপি।