জাতীয় হকির গ্রুপ পর্ব থেকেই বিদায় হতে পারে চ্যাম্পিয়ন ফরিদপুরের। প্রথম ম্যাচে ঢাকা শিক্ষা বোর্ডের কাছে হার দলটিকে ফেলে দিয়েছে খাদে। কারণ গ্রুপে ম্যাচই তিনটি। সেই তিন ম্যাচই জিতে গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি বিকেএসপির খেলোয়াড় নিয়ে গড়া ঢাকা শিক্ষা বোর্ডের।
কাল ঢাকা শিক্ষা বোর্ড নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামকে হারিয়েছে ৫-০ গোলে। আগামীকাল তৃতীয় ম্যাচে নারায়ণগঞ্জের বিপক্ষেও ঢাকা বোর্ডের জয় দেখছেন সবাই। ব্যতিক্রমী কিছু না হলে এই প্রথম জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হবে ফরিদুপরকে!
এ কারণেই কাল নারায়ণগঞ্জকে ৩-১ গোলে হারিয়েও আনন্দ ছিল না ফরিদপুরের খেলোয়াড়দের। তাঁরা ধরেই নিয়েছেন আগামীকাল চট্টগ্রামকে হারালেও বিদায় নিশ্চিত। ফরিদপুরের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ও জাতীয় দলের সাবেক মিডফিল্ডার মুসা মিয়ার কণ্ঠে তাই বেদনার সুর, ‘ভীষণ খারাপ লাগছে। ২৫ বছর ধরে ফরিদপুরের জার্সিতে জাতীয় প্রতিযোগিতায় খেলছি। সব সময় আমরা সেমিফাইনাল বা ফাইনাল খেলেছি। কখনো গ্রুপ থেকে বিদায় নিতে হয়নি। এবার মনে হচ্ছে পরে রাউন্ডে খেলা হবে না।’
এবার কেন এই হাল? কারণটাও জানা মুসার, ‘ফরিদপুরে প্লেয়ারই নেই। সবাই অবসর নিয়েছে। আমার ভাই ইসা মিয়াও বছর দুয়েক ধরে খেলছে না। চয়ন-কৌশিকরা বাহিনী দলে গেছে। একেবারেই নতুন দল নিয়ে আসতে হয়েছে আমাদের। তা ছাড়া আমাদের গ্রুপটাও একটু কঠিন হয়ে গেছে।’
গ্রুপ কঠিন হলেও তা পেরোতে না-পারা ফরিদপুরের জন্য ব্যর্থতা। কারণ তারা বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু ঢাকার বাইরে হকির চর্চা ক্রমেই কমছে, যার বড় উদাহরণ এই ফরিদপুর। তবু ২০১৫ সালে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে নিজস্ব কিছু খেলোয়াড়ের সঙ্গে কিছু তারকা খেলোয়াড় যোগ করে তৃতীয়বারের মতো শিরোপা জেতে দলটি। কিন্তু এবার নাকি বাইরের খেলোয়াড়ও পায়নি ফরিদপুর।
এসব সমস্যার কথা জানিয়ে দলটির অধিনায়ক প্রশান্ত কুমারও সামনে নিয়ে আসেন বাস্তবতা, ‘ফরিদপুরে ছয় বছর লিগ নেই, কীভাবে প্লেয়ার তৈরি হবে বলেন! খেলোয়াড় না আসার কারণেই আমাদের আজকের এ অবস্থা।’ বাংলাদেশের হকির উর্বরভূমি ফরিদপুরেই যদি এমন অবস্থা হয়, অন্য জেলায় কী হচ্ছে তা বলা বাহুল্য।