
ইতিহাস গড়লেন জাপানের কেই নিশিকরি। প্রথম এশীয় হিসেবে ইউএস ওপেনের ফাইনালে পৌঁছে গেছেন তিনি। সেমিফাইনালে বিরাট অঘটনের জন্ম দিয়ে তিনি হারিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচকে। নিশিকরি-জকোভিচ দ্বৈরথের নিষ্পত্তি হয় ৬-৪, ১-৬, ৭-৬ (৭/৪), ৬-৩ গেমে।
সোমবার প্রতিযোগিতার ফাইনালে নিশিকরির প্রতিদ্বন্দ্বী এখনো চূড়ান্ত না হলেও তাঁকে শিরোপার জন্য খেলতে হবে ১৭ গ্র্যান্ডস্লাম বিজয়ী কিংবদন্তি রজার ফেদেরার অথবা ক্রোয়েশিয়ার মারিন সিলিচের বিপক্ষে।
জকোভিচের বিপক্ষে জাপানি টেনিস তারকার এই বিজয়কে বলা হচ্ছে খেলাধুলার বিশ্ব ইতিহাসেরই অন্যতম বড় অঘটন।
২০১১ সালের ইউএস ওপেন বিজয়ী জকোভিচ শনিবার সেমিফাইনালে খেলতে নেমেছিলেন অনেকটা ফুরফুরে মেজাজেই। নিশিকরি কোর্টে ছিলেন আন্ডারডগ হিসেবেই। কিন্তু শেষ অবধি বিজয়ীর মুকুট পরলেন তিনিই। নিজের টানা অষ্টম সেমিফাইনালটিতে যে এত বড় অঘটন অপেক্ষা করছিল তা বোধ হয় ভাবেননি জকোভিচ নিজেও।
শনিবারের বিস্ময় উপহার দেওয়ার আগ পর্যন্ত টেনিস অঙ্গনে নিশিকরির সর্বোচ্চ সাফল্য ছিল ২০১২ সালে অস্ট্রেলীয় ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠা।
পুরো ব্যাপারটা বিস্ময়াভিভূত করেছে নিশিকরিকেই, ‘আমি জানি না, এটা কী হলো। পুরো বিষয়টিকেই স্বপ্নের মতো লাগছে।’
ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠাটাই যাঁর কাছে বড় সাফল্য ছিল, সেই নিশিকরির আনন্দ ও বিস্ময়ের আধিক্য ওই জকোভিচকে হারানোতেই, ‘সেমিফাইনালে ওঠাটাকেই আমি বড় সাফল্য মনে করেছিলাম। জকোভিচের বিপক্ষে সেমিফাইনাল লড়াই, কিছুটা স্নায়ুর চাপে তো ভুগছিলামই। অবাক লাগছে যে আমি শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছি এবং তা বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের বিপক্ষে।’ এএফপি।