
এবার সফল হতে পারলেই ইউএস ওপেনের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি (ছয়বার) শিরোপা জয়ের নতুন রেকর্ড গড়তে পারবেন রজার ফেদেরার। গতবারের শিরোপাজয়ী রাফায়েল নাদাল না থাকায় ফেদেরারের সম্ভাবনাও বেড়ে গেছে কয়েক গুণ। শিরোপা জয়ের মিশনে শুরুটাও ভালোই হয়েছে সুইস তারকার। আজ প্রথম রাউন্ডে মারিস্কো মাতসেভিচকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৪) গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন ফেদেরার।
মেয়েদের এককে শিরোপাজয়ী সেরেনা উইলিয়ামসও পেয়েছেন সহজ জয়। ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন টেলর টাউনসেন্ডকে।
তবে ফেদেরার বা সেরেনাদের মতো তারকাদের ম্লান করে দিয়েছেন ১৫ বছর বয়সী ক্যাথেরিন বেলিস। সবচেয়ে কম বয়সে ইউএস ওপেনের ম্যাচ জয়ের নতুন রেকর্ডের পাশে এখন থেকে লেখা হবে এই বেলিসের নাম। এর আগে রেকর্ডটা ছিল আনা কুর্নিকোভার দখলে। ১৯৯৬ সালে কুর্নিকোভাও ইউএস ওপেনে জয় পেয়েছিলেন ১৫ বছর বয়সে।
প্রথম রাউন্ডে বেলিস ৬-১, ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন র্যাঙ্কিংয়ের ১২ নম্বর তারকা ডোমিনিকা সিবুলকোভাকে। অনূর্ধ্ব-১৮ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে ইউএস ওপেনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন বেলিস। হয়তো এসেছিলেন শুধুই অভিজ্ঞতা অর্জন করতে। কিন্তু প্রথম ম্যাচেই জয় দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন এই মার্কিন তরুণী। ম্যাচ শেষে অবশ্য বেলিস ছিলেন ঘোরের মধ্যে। নিজেও বিশ্বাস করতে পারছিলেন না ফলাফলটা। তিনি বলেছেন, ‘দারুণ একটা অভিজ্ঞতা হবে, এমন ভেবেই আমি খেলতে গিয়েছিলাম। ম্যাচটা যে জিততে পারব, এটা কখনোই ভাবিনি। ব্যাপারটা এখনো আমার কাছে অবিশ্বাস্য।’ রয়টার্স।